১৫ বছরের বৈভবকে জাতীয় দলে চান সৌরভ, শ্রেয়সকেও ফেরার দাবি দাদার

আইপিএলে ঝড় তোলা ১৫ বছরের বৈভবকে আয়ারল্যান্ড সিরিজে চান সৌরভ, পাশাপাশি শ্রেয়স আইয়ারের জাতীয় দলে প্রত্যাবর্তনের পক্ষে জোরালো সওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে নতুন এক তারকার উত্থান—আর সেই প্রতিভাকেই দ্রুত জাতীয় মঞ্চে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে বিস্ফোরক পারফরম্যান্সে নজর কেড়েছেন কিশোর বৈভব সূর্যবংশী, আর তাঁকে আয়ারল্যান্ড সফরের ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার পক্ষে সরব প্রাক্তন অধিনায়ক। একইসঙ্গে, ফর্মে থাকা শ্রেয়স আইয়ারের জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবিও তুললেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সেই এবারের IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে ধারাবাহিক আগ্রাসী ব্যাটিং করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বৈভব। তাঁর নির্ভীক ব্যাটিংয়ের সামনে বিশ্বের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরাকেও চাপে পড়তে দেখা গেছে। ক্রিকেট মহলে ইতিমধ্যেই এই তরুণ প্রতিভা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বর্ডারও তাঁকে ‘স্পেশাল ট্যালেন্ট’ বলে উল্লেখ করেছেন।

কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “বৈভব অসাধারণ প্রতিভা। ওর ব্যাটিং দেখার মতো। আয়ারল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া যেতেই পারে। আমার মনে হয়, ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। তবে সচিনের জায়গায় পৌঁছতে সময় লাগবে।”

শুধু বৈভবই নন, আইপিএলে দারুণ ফর্মে থাকা শ্রেয়স আইয়ারের প্রসঙ্গেও ইতিবাচক সুর শোনা যায় সৌরভের কথায়। তাঁর মতে, ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেয়সকে আবার টি-২০ দলে ফেরানো উচিত। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীন বুমরাকে নিয়ে চিন্তিত নন তিনি। সৌরভের বক্তব্য, “খারাপ সময় সবারই আসে, কিন্তু বুমরার দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই—নিজের দিনে ও সেরা।”

sriyos

উত্তর ২৪ পরগনা জেলা ক্রিকেট সংস্থার উদ্যোগে ‘গতি’ নামে একটি নতুন প্রকল্পের সূচনা হয়েছে, যার লক্ষ্য প্রতিভাবান পেসার খুঁজে বের করে তাঁদের উন্নত প্রশিক্ষণ দেওয়া। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌরভ স্পষ্ট জানান, শুধু পেসার নয়—সমান গুরুত্ব দিয়ে স্পিনার তৈরির দিকেও নজর দেওয়া জরুরি। প্রয়োজনে তিনি নিজেও এই প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত হতে প্রস্তুত।

বাংলা দলের কোচ নিয়ে কী বললেন?

বাংলা দলের কোচ পদ নিয়েও চলছে জোর আলোচনা। লক্ষীরতন শুক্লা আবার দায়িত্ব পাবেন কি না, তা আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। তবে গত মরসুমে বাংলার পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ ইঙ্গিত দিয়েছেন—লক্ষীরতনের ফেরার সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল।

সব মিলিয়ে, একদিকে নতুন প্রতিভাকে সামনে আনার বার্তা, অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরে পাওয়ার দাবি—ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট দিকনির্দেশ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন