নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পা রাখা নিয়ে রাজ্যজুড়ে চলছিল জোর চর্চা। মহারাজের সাম্প্রতিক বেশ কিছু কাজকর্ম সেই জল্পনাকে আরও খানিকটা উসকে দিয়েছিল , যখন তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎ করেন। আবার পরের দিনই দিল্লীতে সৌরভের সঙ্গে একই মঞ্চে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সব মিলিয়ে যেন একটা রাজনৈতিক সমীকরণ তৈরী হচ্ছিল।
আরও পড়ুন: ভোটের আবহে তপ্ত রাজ্য, তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


ঠিক এই সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন দাদা। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সৌরভ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তিনি কি আদৌ যোগ দেবেন রাজনীতিতে নাকি এ শুধুই জল্পনা? আজ, মঙ্গলবার সৌরভের মেডিক্যাল রিপোর্ট পর্যবেক্ষণ করতে বেঙ্গালুরু থেকে চাটার্ড বিমানে কলকাতা আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি সব রিপোর্ট খুঁটিয়ে দেখার পর জানান, আগামীকালই মহারাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি এখন একেবারেই সুস্থ। চাইলে ক্রিকেটও খেলতে পারেন।
সেইসঙ্গে দেবী শেঠি খানিক মজা করেই বলেন, সৌরভের হার্ট এখনও ২০ বছরের যুবকের মতোই তরতাজা রয়েছে। চাইলে উনি ম্যারাথনেও দৌড়তে পারবেন। অসুস্থ থাকাকালীন মহারাজকে দেখতে স্বয়ং মুখ্যমন্ত্রী ছাড়াও পুর ও নগোরন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম হাসপাতালে হাজির হয়েছিলেন। এমনকি তাঁর সুস্থতার কামনা করে দিল্লি থেকে ‘দাদা’-র স্ত্রী ডোনা কে ফোন করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রসচীব ছাড়াও আরও অনেক বিজেপি নেতা।
দাদা কি আদৌও রাজনীতিতে, হাসপাতাল থেকে ‘মহারাজ’ ছাড়া পাওয়ার খবর পেতেই সাংবাদিকে থেকে প্রশ্ন উড়ে আসে যে তবে কী সুস্থ হওয়ার পর সৌরভকে কি দেখা যাবে রাজনীতির ময়দানে? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে আঞ্জিওপ্লাস্টের পর সৌরভ কে কি খেলার ময়দানে দেখা যাবে নাকি থাকবেন রাজনীতির আঙিনায়? তা নিয়ে এখন রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে তরজা।









