নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে নতুন করে উত্তপ্ত হয়েছে হগলীর রিষড়া। সেই ঘটনার জেরে উত্তরবঙ্গের একাধিক কর্মসূচি বাতিল করে দ্রুত কলকাতায় ফিরে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে কড়া মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার রাজ্যপালের মন্তব্যকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।


রাজ্যপাল রিষড়া থেকে বেরিয়ে আসার পরেই সরব হয়ে সৌগত রায় বলেন, উনি রিষড়ায় গিয়েছিলেন সেটা খুব ভালো ব্যাপার। আমরা প্রশংসা করছি। উনি যেভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তা ইতিবাচক। কিন্তু রাজ্যপালের জানা উচিত গোটা ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষ যাওয়ার পরেই।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বারবার করে অনুরোধ করেছেন রামনবমীর পর আর মিছিলও নয়। কিন্তু দিলীপ ঘোষ তিন দিন পরেও রিষড়ায় গিয়ে মিছিলও করলেন। এমনকি যেখানে মিছিলের অনুমতি ছিল না। সেখানেই ঢুকে পড়ছেন। এখন অশান্তি ছড়াতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শ্রীরামপুরে গেছেন। তাঁকে আটকালেই ধর্নায় বসে পড়ছেন। বর্ষীয়ান সাংসদের কথায়, আসলে বিজেপি বারবার উস্কানি দিচ্ছে। সেটা রাজ্যপালকে বুঝতে হবে। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বিজেপি ষড়যন্ত্র করে অশান্তি পাকাতে চাইছে।
গোটা ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষ যাওয়ার পরেই, রাজ্যপালকে মনে করালেন সৌগত

অন্যদিকে, এদিন রিষড়ার পর আহতদের সঙ্গে দেখা করতে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন রাজ্যপাল। এদিনেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছেন সুকান্ত মজুমদার। তিনটের সময় রাজভবনে তাঁদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। বিজেপির নেতৃত্বের তরফে গোটা ঘটনা সবিস্তারে জানানো হবে।










