রাজনীতিবিদদের দেখে জুতো ছোড়ার ঘটনা নতুন নয়। কাঁড়ি কাঁড়ি নিদর্শন রয়েছে। কিন্তু, তাই বলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে? তাও খোদ বারাণসিতে? এই কেন্দ্র থেকেই জিতেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু, মঙ্গলবার যে ঘটনা ঘটল তা নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠছে মোদির নিরাপত্তা নিয়ে। ব্যাপারটা কী?
আরও পড়ুন: অস্বচ্ছতার কারণে ইউজিসি-নেট পরীক্ষা বাতিল, ফের কবে পরীক্ষা?
ঘটনা দিন দুয়েক আগের। ১৮ই জুন, মঙ্গলবার ভোটে জেতার পর প্রথমবার বারাণসিতে পা রাখেন নরেন্দ্র মোদি। চলছিল রোড শো। সেদিনই কিষান সম্মান নিধি প্রকল্পের ১৭তম কিস্তি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাস্তার দু’পাশে কাতারে কাতারে মানুষ ‘মোদি মোদি’ করে চিৎকার করছিলেন। এমন সময় প্রধানমন্ত্রীর ঝাঁ চকচকে কালো গাড়ির উপর একটি চপ্পল এসে পড়ে! দ্রুততার সঙ্গে নিরাপত্তা রক্ষী সেটিকে সরিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। দৃশ্য বন্দি হয়েছে মুঠোফোনে।

প্রশ্ন উঠছে কে এই চপ্পল ছুঁড়ল মোদির গাড়িতে? অনেকেই বলছেন, চপ্পল ছোঁড়া হয়নি। ভিড়ের মধ্যে গাদাগাদি থাকার কারণে যে কোনওভাবে উড়ে এসে পড়েছে। পাল্টা কংগ্রেসের বক্তব্য, “এসবই তো মানুষের ক্ষোভের বিস্ফোরণ। গত দশ বছর ধরে দেশের মানুষের যে ক্ষতি করেছেন, এটা তারই পরিণাম। এতো সবে শুরু।”
বারাণসিতে মোদিকে দেখে জুতো ছুঁড়ল কে? প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, তুঙ্গে বিতর্ক

বিশেষ করে প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদি নিরাপত্তা নিয়ে। এই কড়া নিরাপত্তার বলয়ে কিভাবে এরকম কাণ্ড ঘটল! তবে, এই মুহূর্তে তদন্ত চলছে এই ঘটনার। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবানী এই ঘটনার সম্মুখীন হয়েছেন। এবার কি তালিকায় যুক্ত হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নাম?



