নজরবন্দি ব্যুরোঃ অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। দিন কয়েক আগেই জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সোমেন মিত্র। তবে মঙ্গলবার হঠাত্ই তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। তড়িঘড়ি কংগ্রেস নেতাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সোমেন মিত্রের করোনা পরীক্ষা করানো হয়েছে।
প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে।সোমেন মিত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, শরীরে ক্রিয়েটিনিন লেভেল বেশি হয়ে যাওয়ায় ঝুঁকি নেওয়া হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিত্সকের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত বৃহস্পতিবার হৃদযন্ত্রের সাধারণ পর্যবেক্ষণের (রুটিন চেকআপ) জন্য সোমেন মিত্রকে মিন্টো পার্কের বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। তিনি যে কেবিনে ছিলেন সেই ফ্লোরটি গোটাটা করোনা ওয়ার্ড হিসেবে চিহ্নিত হওয়ায় সাবধানী ছিলেন চিকত্সকরা।


বয়স, শারীরিক পরিস্থিতি সব দিক খতিয়ে দেখে করোনা সংক্রমণের সম্ভাবনা এড়াতে তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করার প্রয়োজন হয়। সোমেনবাবু প্রতি তিন মাস অন্তর অন্তর নয়াদিল্লির এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চেকআপের জন্য যান। তবে এবার দীর্ঘ লকডাউন এর জন্য তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই পরিবার তাঁকে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করে বৃহস্পতিবার।উদ্দেশ্য ছিল, রুটিন চেকআপ।
বেলভিউ হাসপাতালে করোনার বেড বৃদ্ধি হচ্ছে, সেই কারণে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে আই.সি.ইউ বিভাগে রাখা হয়েছে, আই সি ইউ তে তাঁকে স্থানান্তরিত করার পিছনে অন্য কোনো কারণ নেই। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ক্রিয়েটিনিন লেভেল সামান্য বেড়েছে, সেটারই চিকিৎসা চলছে এই মুহূর্তে। তিনি সুস্থ এবং স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।







