বলিউডে প্লেব্যাক গান নিয়ে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার শ্রেয়া ঘোষাল। কিছুদিন আগেই প্লেব্যাক থেকে ধীরে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন অরিজিৎ সিং। তার মধ্যেই গান বাছাই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শ্রেয়া। স্পষ্ট ভাষায় জানালেন, নারীদের অসম্মানজনক বা অশালীন শব্দে ভরা গান আর গাইবেন না তিনি। এমনকি ‘চিকনি চামেলি’-র মতো জনপ্রিয় গান গাওয়ার স্মৃতিও এখন তাঁকে অস্বস্তিতে ফেলে—এ কথাও অকপটে স্বীকার করেছেন শিল্পী।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে শ্রেয়া জানিয়েছিলেন, বর্তমান সময়ে অনেক গানে নারীদের ভোগ্যপণ্য হিসেবে তুলে ধরা হয়, যা তাঁর কাছে অস্বস্তিকর। তাঁর মতে, অনেক সময় ছোটরা না বুঝেই এমন গান গেয়ে ফেলে, অথচ সেই গানের ভাষা বা ভাবনা যথেষ্ট বিতর্কিত হতে পারে।
এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়। বিশেষ করে রেডিটে অনেক ব্যবহারকারী দাবি করেন, শ্রেয়া নিজেই বিভিন্ন কনসার্টে এমন ধরনের গান গেয়ে থাকেন। সেই কারণে কেউ কেউ তাঁর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগও তোলেন। ফলে লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয় জনপ্রিয় এই গায়িকাকে।
সম্প্রতি উদ্যোক্তা রাজ শামানির পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কের জবাব দেন শ্রেয়া। সেখানেই তিনি জানান, ‘চিকনি চামেলি’ গানটি এখন আর গাইতে চান না। তাঁর কথায়, ওই গানটি গেয়েছেন ভাবলেই লজ্জা লাগে। সেই সময় গানটির গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেননি বলেও দাবি করেন তিনি।
শ্রেয়ার বক্তব্য, সেই সময় তাঁর বয়স কম ছিল এবং অভিজ্ঞতাও সীমিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন তিনি গান বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক। নারীদের অসম্মানজনক বা অশালীন শব্দযুক্ত গান আর রেকর্ড করবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়, ‘চিকনি চামেলি’র পরেও নাকি এমন বহু গানের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি এক সুরকার বন্ধুও তাঁকে অশালীন গানের প্রস্তাব দিয়েছিলেন বলে জানিয়েছেন শ্রেয়া। তবে সেসব প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে নতুন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শ্রেয়া। সম্প্রতি আমাল মালিকের সুরে ‘ইয়াহিন গুজার দুঁ’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সেই গানের মিউজিক ভিডিওতেও ইতিমধ্যেই নজর কেড়েছেন ফারহানা ভাটকে।
এর পাশাপাশি নিজের ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’-এর ঘোষণাও করেছেন শ্রেয়া ঘোষাল। ভারত ছাড়াও আমেরিকা ও আবু ধাবিতে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। যদিও এখনও সেই ট্যুরের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।



