আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন। আগামী ২১ জুন আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া নির্দেশিকায় এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট কর্মস্থল, সরকারি আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নিতে হবে সরকারি কর্মীদের। রাজ্যজুড়ে একযোগে এই কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে।
শুধু স্থায়ী কর্মচারী নন, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সড কর্মীদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাম্মানিকভিত্তিক কর্মী, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালনে যুক্ত থাকতে বলা হয়েছে।
এবারের যোগ দিবসকে ঘিরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কলকাতার কেন্দ্রীয় অনুষ্ঠানে। রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশাসনিক সূত্রে খবর, কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর থেকেই প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও শারীরিক-মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। গত বছর তিনি বিশাখাপত্তনমে যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তার আগে শ্রীনগর এবং রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও তাঁকে এই অনুষ্ঠানে দেখা গিয়েছে।
রাজ্য সরকারের এই নির্দেশিকা প্রকাশের পর প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্ধারিত দিনে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
স্বাস্থ্য সচেতনতা এবং শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আন্তর্জাতিক যোগ দিবসকে এবার আরও বৃহত্তর পরিসরে পালন করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই সরকারি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।



