নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্ত বাংলা। দফায় দফায় ছড়াচ্ছে উত্তেজনা। ফের প্রকাশ্যে চলল গুলি। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরে আড়িয়াদহ এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালান হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
আরও পড়ুন: ‘গায়েব’ সায়নী! কুণালের ব্যাখ্যা, উপোস করে দুর্বল হয়ে পড়েছেন
এদিন দুপুরে তৃণমূলের যুবনেতা অরিত্র ঘোষ ওরফে বুম্বা নিজের ফ্ল্যাট থেকে কাজে বেরিয়েছিলেন। সেইসময়েই একদল দুষ্কৃতী বাইকে চেপে তাঁর উপর চড়াও হয়। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সূত্রে খবর, প্রথমে দু রাউন্ড গুলি চলে কিন্তু সেগুলি লক্ষ্যভ্রষ্ট হলে তৃণমূলের যুবনেতাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোহার রড দিয়ে মারধরের কারণে তৃণমূল নেতার হাত-পা ভেঙে গিয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

আহত তৃণমূল নেতা জানান, নিজের কাজেই এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেইসময়েই আচমকা কয়েকজন তাঁকে ঘিরে ধরে। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর পা ঘেষে গুলি বেরিয়ে গিয়েছে। জখম অবস্থায় রাস্তায় পড়ে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনায় তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা জায়েন্ত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফের মাথাচাড়া দিয়ে উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে। ভাঙড়ে বোমাবাজি হয়, কয়েক রাউন্ড গুলি চলে, প্রায় একই চিত্র দেখা গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। কয়েকদিন আগেই পুরুলিয়ার আদ্রায় পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। এরপর ফের আর একবার গুলি চলল। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।



