নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বারবার রাস্তায় নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আইন কার্যকর হয়ে যাওয়ার পর আরও বাড়িয়েছে আক্রমণের ঝাঁঝ। বিভিন্ন সভায় গিয়ে বারবার মমতা দাবি করছেন, মুসলিমদের বঞ্চিত করা হচ্ছে এই আইনে। ‘বর্ণ বৈষম্যের সিএএ’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুন:অভিনব ব্রিগেড থেকে অভিনব প্রচার, সর্বত্র নতুনের ছোঁয়া, তৃণমূলে কি প্রজন্মান্তর ঘটছে?

এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দিলেন অমিত শাহ। ‘অনুপ্রবেশে মদত দিচ্ছেন’ বলে মমতাকে সরাসরি আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, “বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না। বাংলাকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করবই। হাতজোড় করে বলছি সিএএ নিয়ে রাজনীতি করবেন না”।

শাহ আরও বলেন, “যদি মমতা জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে এই ধরনের রাজনীতি করেন, তোষণের রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশ চলতে দেন, তা হলে মানুষ আপনার সঙ্গে থাকবে না”। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন আনে কেন্দ্রের মোদি সরকার। উদ্দেশ্য, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নির্যাতিত অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া।
অনুপ্রবেশে মদত দিচ্ছেন! CAA নিয়ে মমতাকে তোপ শাহের

তবে করোনার জেরে তা বলবৎ করা যায়নি প্রায় ৪ বছর। লোকসভা ভোটের আবহে গত সোমবার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সিএএ চালু করে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশে সিএএ চালু করে বিজেপি ভোটের আগে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন মমতা। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে, পাল্টা মমতার বিরুদ্ধে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ এনেছেন শাহ। তাঁর দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এবং অনুপ্রবেশ বন্ধ হবে।



