নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে ‘হামুন’র শক্তি আরও ক্ষয় হবে বলে জানা যাচ্ছে। এপ্রসঙ্গে মৌসম ভবন জানিয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই ‘হামুন’-এর শক্তিক্ষয় হবে। আর আগামী ছ’ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় হামুন প্রতি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে সাগরের উত্তর-পূর্ব দিক থেকে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দশমীর মধ্যরাতে কাউন্সিলরের বাড়িতে হামলা


জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশের উপকূল পার করে তা চট্টগ্রামের দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪০ কিলোমিটার দূরে এবং খেপুপাড়ার পূর্ব দিক থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় হামুন। এপ্রঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় তার শক্তি আরও কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে যে, ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই সুন্দরবনের উপকূলবর্তী এলাকা গুলিতে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি সমুদ্রে উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে। তাছাড়াও অন্যদিকে, আজ উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ছাড়াও দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



তাছাড়াও কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলিসহ রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার রাজ্যের অন্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বৃহষ্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আশা করা যায় যে, লক্ষ্মীপুজোর সময় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না।
ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন, জারি সতর্কতা







