পঞ্চায়েতে ৭,২১৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েতের ত্রিস্তরে হবে এই নিয়োগ। খুব দ্রুত এই নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। একই সঙ্গে রাজ্য সরকার জানিয়েছে, পঞ্চায়েতের এই নিয়োগ প্রক্রিয়ায় (Panchayat Recruitment) আবেদনকারীদের থেকে কোনও ফি নেওয়া হবে না। অনুমান, প্রায় ৩৫ লক্ষের কাছাকাছি আবেদনপত্র জমা পড়তে পারে।
আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের শিলান্যাস করলেন সুকান্ত


নবান্ন সূত্রে খবর, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সেক্রেটারি ক্লার্ক, টাইপিস্ট, পিওন সব পদ মিলিয়েই ৭,২১৬ জনকে নেওয়া হবে। পাশাপাশি, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি পদেও হবে নিয়োগ (Panchayat Recruitment)। এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকছে জেলাশাসকদের নেতৃত্বাধীন জেলাস্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি-র ওপর।

এই কমিটিই তৈরি করবে প্রশ্নপত্র। ওএমআর শিট ছাপানোর দায়িত্বও থাকছে এই কমিটির ওপর। পাশাপাশি, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য সরকার। নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যে একাধিক দুর্নীতি হয়েছে। তাই এবার বাড়তি সতর্ক সরকার। স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ প্রক্রিয়ায় কোনও বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হবে না বলে জানিয়েছে নবান্ন (Nabanna)।



পঞ্চায়েতে ৭ হাজারের বেশি পদে নিয়োগ, আবেদনকারীদের থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত নবান্নের









