ভোটে হার, এবার ফের অভিনয়ে মন সায়ন্তিকার! রাজনীতি নিয়ে কী বললেন প্রাক্তন বিধায়ক?

বিধানসভা নির্বাচনে হারের পর ফের অভিনয়ে মন দিতে চান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি ছাড়ছেন কি না, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বদলে গিয়েছে অনেক সমীকরণ। রাজনৈতিক মঞ্চে আত্মবিশ্বাসী মুখ হিসেবেই প্রচারে দেখা গিয়েছিল অভিনেত্রী-রাজনীতিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বরাহনগরে পরাজয়ের পর এবার ফের নিজের পুরনো পরিচয়—অভিনয়ে ফিরতে চাইছেন তিনি। রাজনীতি ছাড়ছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানালেন প্রাক্তন বিধায়ক।

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে একাধিক তারকা প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এর মধ্যেই সায়ন্তিকা জানালেন, পরাজয়ের কষ্ট থাকলেও জীবন থেমে থাকে না।

সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার মধ্যেও মানসিকভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছেন বলে জানান তিনি। অভিনেত্রীর কথায়, “খারাপ লাগা তো থাকেই। হয়তো মানুষ আমার থেকে আরও বেশি আশা করেছিলেন। আমি হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে চেষ্টা করিনি, এমনটা বলব না।”

রাজনীতি ছাড়ছেন?

২০২৬ নির্বাচনের পরে একাধিক তারকা নেতা রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। রাজ চক্রবর্তী  সরাসরি জানিয়েছেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে চান না। একইসঙ্গে দেবও রাজনীতিতে অতিরিক্ত জড়াতে অনীহা প্রকাশ করেছেন।

তবে সায়ন্তিকা এখনই তেমন কোনও সিদ্ধান্তের কথা বলতে নারাজ। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি সরাসরি এমন মন্তব্য করতে চাই না। আগামী দিনে কী করব, এখনই সেটা বলা সম্ভব নয়।”

ফের ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি

রাজনৈতিক কাজের কারণে গত কয়েক বছরে নিজের অভিনয়জীবন এবং শরীরচর্চায় ফাঁক পড়েছিল বলে মনে করছেন সায়ন্তিকা। এবার তিনি আবার নিজেকে পর্দার জন্য তৈরি করতে চান।

তিনি বলেন, “আমার পেশা অভিনয়। এখন সেটাতেই মন দিতে চাই। নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই। আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করছি।”

বরাহনগরের নতুন বিধায়ক সজল ঘোষ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সায়ন্তিকার কথায়, “জনমতে উনি নির্বাচিত হয়েছেন। তাই আলাদা করে কিছু বলার নেই।”

শেষে তিনি আরও বলেন, “এই হার মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। আমার যে পরিচয় অভিনয়ের মাধ্যমে তৈরি হয়েছে, এখন সেই দিকেই মন দিতে চাই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত