ইভিএম নিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগ, গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়

ইভিএম নিয়ে বিভ্রান্তিকর ও প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের আবহে ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার হলেন গর্গ চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশের সাইবার সেল মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে প্ররোচনামূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে গর্গ চট্টোপাধ্যায়ের একাধিক মন্তব্য নজরে আসে কমিশনের। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।

অভিযোগ, ইভিএমের নিরাপত্তা ও ভোটগণনা প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার মতো মন্তব্য করেছিলেন তিনি। ভোটের সময় গর্গ প্রশ্ন তুলেছিলেন, “রাতে সিল করে রাখার পরও গণনার সময় এত ইভিএম খারাপ হচ্ছে কেন?” পাশাপাশি তিনি দাবি করেছিলেন, “বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু পরিকল্পনা রয়েছে।”

ভোটারদের ভিভিপ্যাট ভালো করে পরীক্ষা করে দেখার পরামর্শও দিয়েছিলেন গর্গ। সেই সমস্ত মন্তব্যকেই প্ররোচনামূলক এবং বিভ্রান্তিকর বলে অভিযোগ নির্বাচন কমিশনের।

পুলিশ সূত্রে খবর, বুধবার আদালতে তোলা হবে তাঁকে।

কে এই গর্গ চট্টোপাধ্যায়?

গর্গ চট্টোপাধ্যায় মূলত বাঙালি পরিচয় ও ভাষাগত অধিকার নিয়ে সক্রিয় সংগঠন বাংলা পক্ষে-র অন্যতম মুখ। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর এই সংগঠনের পথচলা শুরু হয়।

বাংলা ভাষার ব্যবহার, বাঙালিদের চাকরিতে অগ্রাধিকার এবং বাঙালি সংস্কৃতির সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব বাংলা পক্ষ। বিশেষ করে হিন্দি ভাষা ও তথাকথিত ‘হিন্দি বলয়ের সাংস্কৃতিক আধিপত্য’-এর বিরোধিতাকে তারা তাদের আন্দোলনের অন্যতম মূল বিষয় হিসেবে তুলে ধরে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও সরকারি কাজে বাংলা ভাষার বাধ্যতামূলক ব্যবহার এবং চাকরিতে স্থানীয় বাঙালি যুবক-যুবতীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছিল সংগঠনটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত