নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের দিদির সুরক্ষা কবচের কর্মসূচি। নিয়ম মেনে কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়ছে এই কর্মসূচিতেও। কিন্তু নিজ লোকসভা কেন্দ্রে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হল সাংসদ শতাব্দী রায়কে। আবার কখনও কর্মীর বাড়িতে বাড়া ভাতের সঙ্গে শুধুমাত্র ছবি তুললেন তিনি। যা নিয়ে তৃণমূলের অন্দরেই বাড়ছে ক্ষোভ।
আরও পড়ুনঃ Jakir Hossain: কেন বিপুল পরিমাণে নগদ অর্থ মজুত ছিল? জাকিরকে তলব আয়কর বিভাগের
বঙ্গ রাজনীতিতে মধ্যাহ্নভোজ নতুন কিছু নয়। সামনে খাবারের থালা সাজানো। মাটিতে বসে খাবারের থালার সঙ্গে ছবি তুলেই উঠে পড়লেন বীরভূমের তৃণমূল সাংসদ। থালা ঘুরিয়ে কাছে টেনে হাতও বাড়ালেন ভাতের দিকে, কিন্তু আঙুল ছোঁয়ালেন না। চশমা খুলে ক্যামেরার দিকে তাকালেন তিনি। ব্যস! তারপরই উঠে পড়লেন। পড়ে রইল সেই সাজানো থালা। বীরভূমের বিষ্ণুপুরের তৃণমূল কর্মী সুজিত সরকারের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সেখানেই ঘটল এই ঘটনা।

কিছুদিন আগেই হিঙ্গলগঞ্জে গিয়ে এক একান্নবর্তী পরিবারের থালাতেই ভাত খেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়েছিল। এখন আবার নিজের দলীয় কর্মীর বাড়ির খাবার ফেলে উঠে পড়তেই শতাব্দীকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
কর্মীর বাড়িতে বাড়া ভাতের সঙ্গে শুধুমাত্র ছবি, তীব্র কটাক্ষের মুখে শতাব্দী

অন্যদিকে, এদিন রামপুরহাটের মাড়গ্রামে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। অন্য দিকে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকেও। বিক্ষোভকারীদের বক্তব্য, মেলেরডাঙা থেকে মাড়গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা পালন করা হয়নি। যার জেরে ঘুরপথে অনেকটা পথ যাতায়ত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। যদিও সাংসদের দাবি, সকলেই সরকারি সুবিধে পাবেন।



