গতকাল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এবারের নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু রাত পোহাতেই তার বিরুদ্ধে পোষ্টার পড়ল। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে সোমবার সকাল থেকেই। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব।



আরও পড়ুন : প্রার্থী ছাড়াই প্রচার, আসানসোলে বিজেপির টিকিটে লড়বে কে? উত্তর নেই এখনও
স্বয়ং প্রধানমন্ত্রী নিজে পছন্দ করেছেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। এবারের লোকসভা নির্বাচনে মাষ্টারস্ট্রোক দিয়েছে বিজেপি। কিন্তু সেই চালে কি ভুল হয়ে গেল? প্রার্থী ঘোষণা হওয়ার পরেই রেখা পাত্রর বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গেল সন্দেশখালি এলাকায়। যদিও রেখা পাত্র নাকি এখনও বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি।



রবিবার রাতে তাঁর নাম ঘোষণা করার পরদিন সকালেই দেখা গেল, রেখা পাত্রকে প্রার্থী মানতে নারাজ এলাকাবাসীর একাংশ। পোষ্টারে দেখা গেল,’সন্দেশখালির (Sandeshkhali) আন্দোলনকারীরা রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না’। আবার কোনও পোস্টারে লেখা – ‘বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্রকে চাইছি না, চাইব না।’ সন্দেশখালিতে রেখা পাত্রর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা।

রাতে প্রার্থীঘোষণা, সকালেই বিরুদ্ধে পোষ্টার, প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল!
রাজনীতিতে নবাগতা রেখা পাত্রের বিপক্ষে এবার বসিরহাট কেন্দ্রের শাসকদলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। রেখার বিরুদ্ধে এই পোষ্টার পড়া নিয়ে কার্যত শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। শাসক বিরোধী শিবির একে অপরের কাঁধে দায় ঠেলতে ব্যস্ত। বসিরহাট কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে? এই নিয়ে বিস্তর জল্পনা ছিল। সন্দেশখালির গ্রামের বাসিন্দাদের আক্রোশকে ভোট বাক্সে প্রতিফলিত করতেই এই সিদ্ধান্ত বিজেপির।







