লোকসভা নির্বাচনের আর একমাসও বাকি নেই। রবিবার বাংলায় দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সবমিলিয়ে ৩৯ টি আসনে প্রার্থী দিয়েছে তারা। কিন্তু একটি আসন ঘিরে প্রশ্ন উঠছে। আসানসোলে কে প্রার্থী হবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি (Asansol BJP Candidate)। দলের তারকা সদস্যরাও বাংলায় এসে প্রচারে যোগ দিয়েছেন। একাধিক জনের নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থী হিসেবে, শেষ পর্যন্ত ভোট যুদ্ধে কে নামবেন তার অপেক্ষা।

আরও পড়ুন: রাতে প্রার্থীঘোষণা, সকালেই বিরুদ্ধে পোষ্টার, প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল!
চলতি মাসের শুরুতেই বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তালিকায় ছিল আসানসোল। এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল জনপ্রিয় ভোজপুরী তারকা পবন সিংকে (Pawan Singh)। তাঁর নাম ঘোষণার পরই শাসক দল তৃণমূল সরব হয়। শুরু হয় বিতর্ক। কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত জানান তারকা প্রার্থী। তারপর থেকে বেশ কয়েকটি নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে। এরইমধ্যে উত্তরপ্রদেশের তারকা সাংসদ নিরহুয়া (UP MP Nirahua) প্রচার সেরে গিয়েছেন। কিন্তু তিনি কার হয়ে প্রচার করেছেন তা স্পষ্ট ছিল না। ভোজপুরী তারকা জানিয়েছিলেন, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে ভোট দেবে। তাঁকে জেতাতেই তিনি প্রচারে এসেছেন।

আসানসোল লোকসভা কেন্দ্রে জনপ্রিয় ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করেছিল দল। কিন্তু ১৭ ঘণ্টার মধ্যেই পবন সিং নিজেই জানিয়েছেন আসানসোল থেকে তিনি পদ্ম প্রতীকে লড়বেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে পবন সরে আসতে চাইলেও রাজনৈতিক মহলে তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় জোর চর্চা। এরপর অবশ্য তিনি জানিয়েছিলেন, তাঁর মায়ের স্বপ্ন পূরণ করতে ভোটে লড়বেন। তবে তিনি আসানসোল থেকেই লড়বেন কি না সেবিষয়ে কিছু জানা যায়নি।
প্রার্থী ছাড়াই প্রচার, আসানসোলে বিজেপির টিকিটে লড়বে কে? উত্তর নেই এখনও

পবন সিং ভোট থেকে সরে দাঁড়াতেই আরেক ভোজপুরী তারকা অক্ষরা সিংয়ের (Akshara Singh) নাম সামনে আসছিল। বিহারের প্রখ্যাত অভিনেত্রী অক্ষরা। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তিনি। অর্থাৎ তাঁর জনপ্রিয়তা কতটা তা আলাদা করে বোঝাতে হবে না। ওয়াকিবহাল মহলের মতে, আসানসোলের আসন দখলে আনতে ভোজপুরী তারকার উপরেই আস্থা রাখতে পারে বিজেপি। এছাড়াও জনপ্রিয় গায়ক কৈলাশ খের-এর (Kailash Kher) নামও বিজেপি প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হবে তা এখনও স্পষ্ট নয়।



