নজরবন্দি ব্যুরোঃ এতদিন ধরে সম্ভাবনা উঁকি দিচ্ছিল। বৃহস্পতিবার সেই সম্ভাবনাই বাস্তবের রূপ নিল। আজ সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন রাশিয়ার তরফে ইউক্রেনে মিলিটারি অপারেশন চালানো হবে। রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে চিন্তিত ছিল গোটা আন্তর্জাতিক মহল। আর এই ঘটনায় বিশ্বের অর্থনীতিতে যে এর বিরাট প্রভাব পড়বে, সে আশঙ্কা আগে থেকেই ছিল।
আরও পড়ুনঃ ইউক্রেনে রাশিয়ার হামলা, মিত্রশক্তিকে নিয়ে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি বাইডেনের


পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত ঘোষণা করতেই রেকর্ড হারে বেড়ে গেল তেলের দাম। ভারতও তার প্রভাব পরবে। ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য পেরিয়ে গিয়েছে ১০০ ডলার। গত সাত বছরের মধ্যে প্রথমবার ১০০ ডলার পেরল অপরিশোধিত তেলের দাম।

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ১০০ ডলার পেরিয়েছিল অপরিশোধিত তেলের মূল্য। এই মুহূর্তে ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে ১০১.৩৪ ডলার। WTI অপরিশোধিত তেলের দামও বেড়ে হয়েছে ৯৬.৩২ ডলার। এটিও ২০১৪ সালের পর সর্বোচ্চ। পেট্রল, ডিজেলের দামবৃদ্ধিতে গত এক বছর ধরে এমনিতেই নাস্তানাবুদ ভারতের আম জনতা।
ভারতের মোট আমদানির ২৫ শতাংশ হল তেল। প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই ভারত আমদানি করে। ফলে চিন্তা বাড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দাম বাড়তে পারে পেট্রল, ডিজেলেরও। সেই সঙ্গে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও।


ইউক্রেনে রাশিয়ার হামলা, বাড়তে পারে তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
আজ সকালেই সেনসেক্স ১৪০০+ পয়েন্ট এবং নিফটি ৪০০+ নেমেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি প্রবল প্রভাব পড়বে। দাম বাড়তে পারে প্রাকৃতিক গ্যাস থেকে গম বিভিন্ন সামগ্রীর।







