রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মোটা বেতন ও নাগরিকত্বের প্রতিশ্রুতিতে বহু ভারতীয়কে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, সেই যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪৯ জন ভারতীয় নাগরিক।
বিদেশমন্ত্রকের তরফে আদালতে জানানো হয়েছে, মোট ২১৭ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে বহুজন এখনও রাশিয়ায় আটকে রয়েছেন। কেন্দ্রের দাবি, আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।


সূত্রের খবর, চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় যুবকদের রাশিয়ায় পাঠানোর অভিযোগ আগেই উঠেছিল। সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি এই ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সুপ্রিম কোর্টে সেই অভিযোগের বাস্তব চিত্রই সামনে আনল কেন্দ্রীয় সরকার।
অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি আদালতে জানান, রুশ সেনায় যোগ দেওয়ার জন্য ভারতীয়দের সামনে অত্যন্ত আকর্ষণীয় আর্থিক প্যাকেজ রাখা হয়েছিল। এককালীন ৫ হাজার মার্কিন ডলার বোনাসের পাশাপাশি মাসে প্রায় আড়াই হাজার ডলার বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি।
শুধু বেতন নয়, দ্রুত রুশ নাগরিকত্ব, বিশেষ সুযোগসুবিধা এবং যুদ্ধে মৃত্যু হলে মোটা ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে কেন্দ্র আদালতে জানিয়েছে। মূলত এই লোভনীয় প্রস্তাবেই বহু ভারতীয় যুবক রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে দাবি সরকারের।


বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, রুশ বাহিনীতে যোগ দেওয়া ২১৭ জন ভারতীয়র মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ২৩ জন ভারতীয়র কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। বর্তমানে ১৩৯ জন ভারতীয়কে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস।
কেন্দ্র আরও জানিয়েছে, ইতিমধ্যেই ৪৮ জন ভারতীয়কে দেশে ফেরানোর জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক স্তরে কথাবার্তাও চলছে।
উল্লেখ্য, গত বছর বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে জানিয়েছিলেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৪৯-এ। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়া নতুন করে সেনা নিয়োগে জোর দিচ্ছে বলেই আন্তর্জাতিক মহলের ধারণা।
ভারতের তরফে বারবার অনুরোধ করা হলেও যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানো এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। কেন্দ্র জানিয়েছে, এই বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং যত দ্রুত সম্ভব ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



