চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান যাবে রোহিত শর্মা? কী বলছে বিসিসিআই?

আইসিসি-র নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি ফটোশুট এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। টুর্নামেন্টের আয়োজনে পাকিস্তান ও আইসিসি সম্মত হয়েছে হাইব্রিড মডেলে। এর ফলে, ভারতীয় দল পাকিস্তানে না গেলেও, দলের অধিনায়ক রোহিত শর্মা হয়তো পাকিস্তান যেতে পারেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা শুরু হয়েছে।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি ফটোশুট এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়ার জন্য রোহিত শর্মাকে পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি তিনি যান, তবে এটি হবে তার ক্রিকেট কেরিয়ারের প্রথম পাকিস্তান সফর।

বিসিসিআইয়ের এক সূত্র থেকে জানা গেছে, “প্রথমে দল ঘোষণা করা হোক, তারপর আমরা এই বিষয়টা দেখব। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে যদি রোহিত পাকিস্তানে যান, তাহলে তাকে কঠোর সরকারি বিধিনিষেধের মধ্যে থাকতে হবে।

ভারতীয় দলের স্কোয়াড ঘোষণার তারিখ ১৮ বা ১৯ জানুয়ারি বলে জানা যাচ্ছে। এর পরেই রোহিতের পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

হাইব্রিড মডেল নিয়ে অনেক টালবাহানার পর, পিসিবি এবং বিসিসিআই একটি সমঝোতায় পৌঁছেছে। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। পাকিস্তানে শুধুমাত্র স্থানীয় ম্যাচগুলো আয়োজন করা হবে। ভারতের ওয়ার্ম-আপ ম্যাচও মরুদেশে অনুষ্ঠিত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত