নজরবন্দি ব্যুরো: শহরের বুকে যেন লেগেই আছে পথ দুর্ঘটনা। বেহালার পর এবার হরিদেবপুর। পথ দুর্ঘটনার শিকার এক খুদে। ট্যাক্সির ধাক্কায় আহত দ্বিতীয় শ্রেণির এই ছাত্র। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালে।
আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম, ভর্তি হাসপাতালে


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ পরিবারের এক সদস্যের সঙ্গে স্কুলে যাচ্ছিল দ্বিতীয় শ্রেণির খুদে পড়ুয়া। সে পড়ে হরিদেবপুরের কালীতলার বলাকা এলাকার শ্রী সত্য বালবিহার স্কুলে। যাওয়ার পথে সে আচমকাই রাস্তায় চলে আসে। এমন সময় একটি চলন্ত ট্যাক্সি তাঁকে ধাক্কা মারে। ট্যাক্সিটি যাচ্ছিল জেমস লং সরণির দিকে। এর জেরে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে জখম অবস্থায় তাঁকে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল ডায়মন্ড হারবার রোড ও জেমস লং সরণী।

গত শুক্রবারই এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বেহালা চৌরাস্তা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় সৌরনীল সরকার নামে দ্বিতীয় শ্রেণিতে পাঠরত একটি শিশুর। গুরুতর আঘাত পান সৌরনীলের বাবাও। রাগের মাথায় পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় উত্তপ্ত জনতা। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। এরপর বেহালা চৌরাস্তায় পুলিশের বিশেষ টহলদারি বসে। এবার শহরের ব্যস্ত রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার আরেক ছাত্র।



বেহালার পর এবার হরিদেবপুর, ট্যাক্সির ধাক্কায় জখম খুদে ছাত্র, ভর্তি SSKM-এ








