পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বড় পরিবর্তন। সিভি আনন্দ বোসের পদত্যাগের পর নতুন করে রাজভবনের দায়িত্ব দেওয়া হল আরএন রবিকে। বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বে থাকা এই প্রাক্তন আইপিএস ও গোয়েন্দা আধিকারিককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাংলার রাজ্যপাল করা হয়েছে। ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন রাজ্যপাল নিয়োগের বিষয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা হয়নি; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকেই বিষয়টি জানতে পেরেছেন তিনি।
আরএন রবি ভারতের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর এক পরিচিত নাম। ১৯৫২ সালের এপ্রিল মাসে বিহারের পাটনায় জন্ম তাঁর। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতা করলেও পরে ১৯৭৬ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগ দেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও তদন্ত সংস্থায় দায়িত্ব সামলেছেন তিনি।
কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে তাঁর অভিজ্ঞতার কারণে ২০১৪ সালে তাঁকে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান করা হয়। পরে ২০১৮ সালের অক্টোবরে তিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদেও নিযুক্ত হন।
আইপিএস থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন তিনি। ওই সময়েই ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও সামলান।
এরপর ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন আরএন রবি এবং বর্তমানে সেই পদেই রয়েছেন। এবার সিভি আনন্দ বোসের পদত্যাগের পর ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও তাঁর কাঁধে তুলে দিল কেন্দ্র।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন আসন্ন থাকায় একজন প্রাক্তন গোয়েন্দা আধিকারিককে রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া কেন্দ্রের কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। ফলে আরএন রবির নিয়োগ ঘিরে রাজ্য-রাজনীতি এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।










