আরজি কর কাণ্ডে ‘প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা’, মমতার নাম না নিয়েই বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত

আরজি কর কাণ্ডের দু’বছর পূর্তিতে তদন্ত নিয়ে বড় বার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার সম্ভাবনার কথা জানালেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডের দু’বছর পূর্তিতে ফের তদন্তের প্রসঙ্গ তুলে বড়সড় বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukhopadhyay)। রবিবার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নির্যাতিতা চিকিৎসককে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালনের মধ্যেই তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জেরার প্রসঙ্গ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থার মনে হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, আরজি করের ঘটনায় সত্য সামনে আসা জরুরি। তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ রয়েছে, তার পিছনে কার নির্দেশ ছিল, কী ভাবে এবং কেন তা ঘটেছিল—তদন্তকারী সংস্থাকে সেই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, তদন্তের প্রয়োজনে যদি তদন্তকারী সংস্থার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা দরকার, তা হলে তাঁকে জেরা করা উচিত। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি করেননি, তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের অবস্থানও এ দিন স্পষ্ট করেন শারদ্বত। তাঁর দাবি, স্বাস্থ্যদপ্তর সত্য উদঘাটনে তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ঘটনার দিন হাসপাতালে যাঁরা এসেছিলেন, তাঁদের ভূমিকা এবং কেন তাঁরা সেখানে উপস্থিত ছিলেন, সেই প্রশ্নগুলিও তদন্তে উঠে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে। তাঁদের প্রত্যেকের ভূমিকা এবং ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া দরকার। স্বাস্থ্যদপ্তরের পক্ষে যতটা সম্ভব সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

একইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেই বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, কোনও মহিলার সঙ্গে যাতে ফের এমন নৃশংস ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ করতে হবে।

আরজি কর কাণ্ডের দু’বছর পূর্তিতে রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দু’মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নির্যাতিতা তরুণী চিকিৎসককে স্মরণ করেন। সরকারি স্তরে এই প্রথম রাজ্যজুড়ে এমন কর্মসূচি নেওয়া হল।

শনিবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, আরজি করের নির্যাতিতাকে স্মরণে সরকার বিশেষ কর্মসূচি নেবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এ দিন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে নীরবতা পালন করা হয়।

এদিকে রবিবার সন্ধ্যায় পানিহাটিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। দু’বছর আগে ৯ অগস্টের ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল।

তৎকালীন তৃণমূল সরকারের আমলে নির্যাতিতাকে স্মরণে এমন কোনও রাজ্যব্যাপী সরকারি কর্মসূচি নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর বিজেপি সরকারের আমলে প্রথমবার সরকারি উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে নীরবতা পালনের কর্মসূচি নেওয়া হল। সেই আবহেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার সম্ভাবনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য আরজি কর তদন্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন