অসমের ভয়াবহ বন্যায় ২১ কোটি টাকার সাহায্য রিলায়েন্স ফাউন্ডেশনের, নীতা আম্বানিকে ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মার

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসনের জন্য ২১ কোটি টাকা অনুদান দিল রিলায়েন্স ফাউন্ডেশন। নীতা আম্বানির উদ্যোগকে স্বাগত জানাল অসম সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দুর্গতদের পাশে দাঁড়াল রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)। সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি (Nita Ambani) বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য ২১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। এই আর্থিক সহায়তার কথা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)।

সোমবার সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, অসম যখনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তখনই রিলায়েন্স ফাউন্ডেশন রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি নীতা আম্বানির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই আর্থিক সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, কোভিড-১৯ অতিমারির সময়ও রিলায়েন্স ফাউন্ডেশন অসম সরকারের পাশে ছিল। তাঁর মতে, দুর্যোগের সময়ে সংস্থার ধারাবাহিক সহযোগিতা রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধু আর্থিক সাহায্য নয়, বন্যাদুর্গত এলাকায় রিলায়েন্স ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দলও কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের জন্য খাদ্যসামগ্রী, জনস্বাস্থ্য পরিষেবা, জরুরি আশ্রয় এবং গবাদি পশুর প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে বিভিন্ন এলাকায়।

এদিকে, চলতি বছরের বন্যায় অসমের পরিস্থিতি উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৮৫-এ পৌঁছেছে। রবিবার শিবসাগর (Sivasagar) জেলায় নতুন করে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। যদিও বন্যাকবলিত মানুষের সংখ্যা কিছুটা কমেছে, তবুও এখনও প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার তালিকায় রয়েছে শিবসাগর, চরাইদেও (Charaideo), জোরহাট (Jorhat) এবং গোলাঘাট (Golaghat)। এই জেলাগুলিতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাড়ি পুনর্নির্মাণে ৭৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে।

অসমে প্রতিবছরই বর্ষাকালে বন্যা দেখা দিলেও, এ বছরের পরিস্থিতি তুলনামূলকভাবে আরও গুরুতর বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনের কাজ জোরকদমে চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন