নজরবন্দি ব্যুরো: কুন্তল ঘোষের যোগসূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের। গত ৩০ জুন তাঁকে তলব করে ইডি। দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিনেত্রী তথা সভানেত্রীর আর্থিক লেনদেন হয়েছিল বলেই সন্দেহ গোয়েন্দা সংস্থার। এবার নিজের মুখেই কুন্তল স্বীকার করলেন তিনি সায়নীকে টাকা দিয়েছিলেন? ব্যাপারটা কী?
আরও পড়ুন: ববিতা সরকারের আর্জিতে সাড়া হাইকোর্টের, মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে তৃণমূলের বহিষ্কৃত নেতা দাবি করেছেন, তিনি সায়নীকে টাকা দিয়েছেন। তবে কোনও ব্যক্তিগত স্বার্থে নয়। কয়েকটি সমাজসেবামূলক কাজ এবং পুজোর জন্য টাকা দিয়েছেন। আর সেই টাকার অঙ্ক ছিল মোট ১ লক্ষ ২০ হাজার টাকা। আরও জানা গিয়েছে, কুন্তল ঘোষের মুখে এক বলিউড অভিনেত্রীর নামও শোনা গিয়েছে। গত রবিবারই সায়নী দাবি করেছিলেন তাঁর সঙ্গে কুন্তলের কোনও লেনদেন হয়নি। এই অবস্থায় বহিষ্কৃত নেতার ঘনিষ্ঠ মহলে করা দাবি অনেক প্রশ্ন তুলছে। বলিউডের এক অভিনেত্রীকে একটি অনুষ্ঠানের জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু সেই অনুষ্ঠান হয়নি। সেই টাকাও ফেরত পাননি বলে দাবি কুন্তলের।

ইডির সন্দেহ, ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল সায়নীর এবং সায়নী বিধানসভা নির্বাচনের সময় যে গাড়িটি ব্যবহার করতেন সেটা কুন্তলেরই দেওয়া। সেই কারনেই গত ৩০ জুন তলব করে সায়নীকে প্রায় ১১ ঘন্টার ম্যারাথন জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যুবনেত্রী জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে তিনি ১০০ বার ইডির সামনে হাজির হতে রাজি আছেন। এরপর গত ৫ জুলাই তাঁকে ফের তলব করা হয়েছিল। কিন্তু ওইদিন ইডি দফতরে যাননি সায়নী। বুধবার তাঁকে দেখা যায় পূর্ব বর্ধমানের গলসিতে নির্বাচনী প্রচারে।

জানা গিয়েছে, তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা! জানা গিয়েছে, ইডির পাশাপাশি সায়নীর গত ১০ বছরের যাবতীয় আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখবে সিবিআই।
সায়নীকে টাকা দেওয়ার কথা স্বীকার করলেন Kuntal Ghosh? কী বললেন তিনি




