বাজেটের পর রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, স্বস্তি ঋণগ্রহীতাদের, বাড়ছে না ইএমআই

বাজেটের পর প্রথম মনিটারি পলিসি বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশেই রাখল আরবিআই, অপরিবর্তিত থাকল এসডিএফ, এমএসএফ ও ব্যাঙ্ক রেট—ইএমআই বাড়ার আশঙ্কা আপাতত নেই।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বাজেটের পরই আর্থিক বাজারের নজর ছিল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি বৈঠকের দিকে। সেই বৈঠক থেকেই এল স্বস্তির খবর। রেপো রেটে কোনও পরিবর্তন আনল না রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। ফলে আপাতত হোম লোন, কার লোন বা অন্যান্য ঋণের ইএমআই বাড়ার আশঙ্কা নেই। অর্থাৎ, সাধারণ মানুষের ঋণের বোঝা বাড়ছে না বলেই মনে করছেন অর্থনৈতিক মহলের একাংশ।

শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ম্যাক্রো-ইকোনমিক সূচক পর্যালোচনা করেছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখার।

একইসঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট ৫ শতাংশে এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি (এমএসএফ) রেট ও ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, প্রতি দুই মাস অন্তর মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। অন্যদিকে, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে অর্থ গ্রহণ করে, সেটিই রিভার্স রেপো রেট।

রেপো রেট বাড়লে সাধারণত ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার বাড়ায়, ফলে হোম লোন বা গাড়ির ঋণের ইএমআই বেড়ে যায়। আবার রেপো রেট কমলে সেই বোঝা কিছুটা কমে। বাজেটের পর এটাই ছিল প্রথম এমপিসি বৈঠক, আর সেখানেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে ঋণগ্রহীতাদের জন্য আপাতত স্বস্তির বার্তাই মিলল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর