কেরালায় ফের নিপা আতঙ্ক, প্রাথমিক পরীক্ষায় পজ়িটিভ এক ব্যক্তি, রাজ্যজুড়ে জারি কড়া সতর্কতা

কেরালার কোঝিকোডে এক ব্যক্তির শরীরে প্রাথমিক পরীক্ষায় নিপা ভাইরাসের উপস্থিতি। চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় স্বাস্থ্য প্রশাসন, জারি বিশেষ সতর্কতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশে ফের উদ্বেগ বাড়াল নিপা ভাইরাস। কেরালার কোঝিকোড জেলায় এক ব্যক্তির শরীরে প্রাথমিক পরীক্ষায় নিপা সংক্রমণের ইঙ্গিত মিলতেই স্বাস্থ্য প্রশাসন তৎপর হয়ে উঠেছে। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে কোয়ারানটাইনে রেখে চিকিৎসা শুরু হয়েছে, পাশাপাশি রাজ্যজুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোঝিকোডের ফেরোকে এলাকার ওই ব্যক্তি বর্তমানে কোঝিকোড সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের দাবি, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে।

তবে এখনও চূড়ান্তভাবে সংক্রমণ নিশ্চিত হয়নি। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুনের National Institute of Virology-এ। বৃহস্পতিবারই সেই ফাইনাল রিপোর্ট হাতে পাওয়ার কথা বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। হাসপাতালের আউটপেশেন্ট বিভাগ-সহ একাধিক জায়গায় যাতায়াত করায় তাঁর সংস্পর্শে বহু মানুষ এসে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

চিকিৎসকদের অনুমান, কোনও গুদামঘর পরিষ্কার করার সময় তিনি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। যদিও সংক্রমণের প্রকৃত উৎস এখনও নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। সেই কারণেই গোটা ঘটনার উৎস অনুসন্ধানে জোর দেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার কোঝিকোডে বিশেষ মেডিক্যাল বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি জেলাশাসকের নেতৃত্বে প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হবে, যেখানে সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে কন্টেনমেন্ট জ়োন ঘোষণা এবং অতিরিক্ত বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

কেরালায় অতীতেও নিপা ভাইরাসের একাধিক সংক্রমণ সামনে এসেছে। ফলে নতুন করে সম্ভাব্য সংক্রমণের খবর সামনে আসতেই স্বাস্থ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন