কেন্দ্রীয় সরকারি কর্মীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের দিকে। বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা চলাকালীনই সামনে এসেছে একাধিক নতুন আর্থিক সুবিধার প্রস্তাব। কর্মী সংগঠনের দাবি মেনে নেওয়া হলে ভবিষ্যতে গাড়ি কেনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম এবং উৎসবের আগে এক মাসের বেসিক বেতন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
অষ্টম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মী সংগঠনের মতামত নেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়ার মধ্যেই ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর স্টাফ সাইড কমিশনের কাছে তিনটি নতুন সুদমুক্ত অগ্রিম সুবিধা চালুর প্রস্তাব জমা দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চার চাকার গাড়ি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম পেতে পারেন। কর্মী সংগঠনের যুক্তি, বর্তমান সময়ে ব্যক্তিগত গাড়ি আর বিলাসবহুল পণ্য নয়, বরং পারিবারিক ও দৈনন্দিন প্রয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
শুধু গাড়ি কেনাই নয়, উৎসবের সময় আর্থিক চাপ সামলাতেও নতুন সুবিধার দাবি তোলা হয়েছে। সংগঠনের প্রস্তাব, কর্মীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসব অগ্রিম দেওয়া হোক, যা পরে নির্দিষ্ট কিস্তিতে বেতন থেকে কেটে নেওয়া যাবে।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় কর্মীদের সহায়তা করতে এক মাসের বেসিক পে-র সমান সুদমুক্ত দুর্যোগ অগ্রিম পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় বা খরার মতো পরিস্থিতিতে এই আর্থিক সহায়তা কর্মীদের বড় স্বস্তি দিতে পারে বলে মনে করছে সংগঠন।
স্টাফ সাইডের প্রস্তাব অনুযায়ী, দুর্যোগকালীন এই অগ্রিম ২৪টি মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ থাকা উচিত। একইভাবে উৎসব অগ্রিম ১০টি কিস্তিতে বেতন থেকে সমন্বয় করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর পাশাপাশি কম্পিউটার কেনা এবং বাড়ি নির্মাণ সংক্রান্ত বিদ্যমান অগ্রিমের ঊর্ধ্বসীমাও বাড়ানোর আবেদন জানানো হয়েছে কমিশনের কাছে। কর্মী সংগঠনগুলির দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সীমা সংশোধন করা প্রয়োজন।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, এগুলি এখনও শুধুমাত্র প্রস্তাবের স্তরে রয়েছে। অষ্টম বেতন কমিশন চূড়ান্ত সুপারিশে এই দাবিগুলিকে কতটা গুরুত্ব দেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী।



