নতুন বছর পড়তেই টলিউডে বিয়ের সানাইয়ের রেশ। মধুমিতা–প্রিয়াঙ্কার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্কের গুঞ্জন ঘুরছিল। এতদিন মুখ না খুললেও, চলতি বছর ফেব্রুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন—এই খবরে সিলমোহর দিলেন রণজয় নিজেই।
‘এই সময় অনলাইন’-এর তরফে যোগাযোগ করা হলে অভিনেতা বিয়ের খবর নিশ্চিত করলেও দিনক্ষণ বা ভেন্যু প্রকাশ করতে চাননি। তবে ঘনিষ্ঠদের উপস্থিতিতেই নতুন জীবন শুরু করবেন—এমনটাই জানা যাচ্ছে। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান, বন্ধুদের জন্মদিনের আড্ডা—সবখানেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা যে সত্যি, তা এবার পরিষ্কার।
বন্ধুত্ব থেকে জীবনের নতুন অধ্যায়
সম্পর্কের গুঞ্জনে এতদিন দু’জনেই বন্ধুত্বের কথা বলতেন। কিন্তু এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। কবে, কোথায় বিয়ের সানাই বাজবে—তা আপাতত রহস্যই থাক। তবে ভক্তদের উত্তেজনা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
‘গুড্ডি’ থেকেই শুরু প্রেম
প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি-র সেট থেকেই নাকি দু’জনের প্রেমের শুরু। বয়সের ফারাক প্রায় ১৪ বছর—এই বিষয়টি নিয়েও কম চর্চা হয়নি টলিপাড়ায়। কিন্তু সব সমালোচনাকে দূরে সরিয়েই নিজেদের সিদ্ধান্তে অটল রণজয়–শ্যামৌপ্তি। এখন অনুরাগীদের একটাই অপেক্ষা—কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের দিনক্ষণ ঘোষণা হয়।