বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে আওয়ামি লিগের মিছিল ঘিরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যা ও রাতে জেলার একাধিক এলাকায় বোমা বিস্ফোরণ, দোকান ভাঙচুর এবং সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। গোপালগঞ্জ শহরের পাশাপাশি কোটালীপাড়ার দক্ষিণ হিরণ গ্রামেও দুই গোষ্ঠীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
সোমবার বিকেলে গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে মিছিল বের করেন আওয়ামি লিগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও মিছিল ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মিছিলের পর সমাবেশে নেতাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের এক যুবকের সঙ্গে চরমানিকদাহ গ্রামের কয়েক জনের বচসা শুরু হয়। পরে সেই বিবাদ দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের চেহারা নেয়।
গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটে এবং অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অন্তত সাতটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একই দিনে জেলার কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামেও আলাদা সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, যুবলিগ নেতা মশিউর রহমানের সঙ্গে হিরণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বচসা হয়। সেই বিবাদ থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়ায়।
দক্ষিণ হিরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পাঁচটি দোকানেও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। প্রথমে তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালেও পরিস্থিতি থমথমে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানার আধিকারিকেরা।
এই সংঘর্ষের ঘটনা এমন সময়ে ঘটল, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর সামনে এসেছে। তাঁর নিজের জেলা গোপালগঞ্জে পরপর সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।



