বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্রপতন। ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যা। একুশে কোভিডে আক্রান্ত হওয়ার পর দফায় দফায় হাসপাতালে ভরতি। রাতে অবস্থার অবনতি। সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই জীবনাবসান । বুদ্ধদেব অধ্যায়ের অবসান। শেষনিঃশ্বাস ত্যাগ বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন, ক্রীড়া জগতের মানুষেরাও। এদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টলিউডের অভিনেতা দেব-প্রসেনজিৎ থেকে শুরু করে ঋতুপর্ণারা।
নিজের এক্স হ্যান্ডেলে সাংসদ তথা অভিনেতা দেব বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন,”একজন সত্যিকারের ভদ্র লোক। একজন সত্যিকারের নেতা। শান্তিতে থাকুন স্যার।” অর্থাৎ এই পোস্টের মাধ্যমে দেব দীর্ঘদিন রাজনীতির ময়দানে লড়াই করা নেতা কে তাঁর প্রাপ্য সন্মান দিলেন। এদিন বাংলা অভিনয় জগতের আর এক জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, “একজন সত্যিকারের ভালো গুনী মানুষ চলে গেলেন, ভালো থাকবেন, বুদ্ধ বাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”
এছাড়াও টলিউডের আর এক প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন বুদ্ধদেবের মৃত্যুতে বলেন,”মনে পড়ছে বিয়ের দিনের কথা। যেদিন উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার মতো মানুষ হয়না। তিনি খুব ভালো একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব। উনি আমাদের জন্য যা রেখে গেছেন তা অনেক। ওনাকে স্যালুট।” অর্থাৎ অনেক দিন থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঋতুপর্ণার যে একটা আত্মীয়ের সম্পর্ক ছিল টা বোঝায় যায়।









