আইপিএলে রাজস্থান রয়্যালসের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল দ্রাবিড়। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানোর পর তিনি বলেছিলেন, এবার থেকে তিনি কর্মহীন! যদিও সব ঠিকঠাক চললে তাঁকে আর বেশিদিন বেকার থাকতে হচ্ছে না। রাজস্থান রয়্যালসেই ফিরতে পারেন স্বমহিমায়। ২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সঙ্গকারা। তিনিই হেড কোচের ভূমিকাও সামলান সহকারী কোচদের নিয়ে।
তবে সঙ্গকারা নিজেই রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সঙ্গকারাকে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে চাইছে। ম্যাথু মট গত মাসে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে সেই শূন্যস্থান এখনও ভরাট হয়নি। সেই জায়গাতেই সঙ্গাকারা যাবেন বলে সূত্রের খবর।


ফলে রাজস্থান রয়্যালসে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। অতীতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরে রাজস্থানের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ২০১৫ সালে রাজস্থান তৃতীয় স্থানে আইপিএল শেষ করেছিল। তার পিছনে ছিল রাহুল দ্রাবিড়ের ভূমিকা। এবার ফের রাজস্থান রয়্যালস দলে ফিরতে চলেছেন তিনি।
এবার কোচের ভূমিকায়। যদিও আইপিএল-এ অন্য দলের কোচ হবার অফারও আছে দ্রাবিড়ের কাছে। এবার তিনি কোন দলের দায়িত্ব নেবেন সেটা ঠিক করবেন তিনি নিজে। প্রসঙ্গত, ২০০৮ সালের প্রথম আইপিএলেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর আর খেতাব জেতেনি। এবার দ্রাবিড়ের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়ে সাফল্য পেতে চাইছে রাজস্থান রয়্যালস।







