জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ওয়ান’-এর মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। টিভির পর্দা থেকে বেরিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে হুগলী লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী তিনি। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। ভোট যুদ্ধে প্রথমবার দেখা যাচ্ছে রচনাকে (Rachana Banerjee) সাংসদ হলে কী কী করবেন সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন এবার তিনি জানালেন ভোটে জিতলে সবথেকে বড় কাজ কী হবে?



আরও পড়ুন: প্রার্থী ছাড়াই প্রচার, আসানসোলে বিজেপির টিকিটে লড়বে কে? উত্তর নেই এখনও
রবিবার রাতে হুগলীর বেগমপুরের হাটতলায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ভোট প্রচারে বেরোলে অগুনতি মানুষ যখন এসে বলে দিদি আপনার পাশে আছি, মনে হয় দশ জন্ম পূণ্য করার ফলে এই ভালোবাসা পাচ্ছি।’ আরও বলেন, ‘আমি যদি জিতে আসি তাহলে সবথেকে বড় কাজ করব, দিদি নং ওয়ানে হুগলীর দিদিদের সবার আগে ডাকব।’ প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর ধরে ‘দিদি নং ওয়ান’ রিয়্যালিটি শো-এর সঙ্গে জড়িত তিনি। এই শোয়ের সঞ্চলনা করে রচনা।

লোকসভা নির্বাচনে হুগলীর তৃণমূল প্রার্থী দিদি নং ওয়ানের (Didi No 1) প্রসঙ্গ টেনেই বলেন, ‘আমি দিদি নং ওয়ানে সবসময় বলি এবার বল। সেটাই বলব। এবার আপনারা বলবেন। হুগলী থেকে বহু মহিলারা শোয়ে এসেছিলেন। তাঁরা আমাকে জগদ্ধাত্রী পুজায় যাওয়ার কথা বলেছে। এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে বেগমপুরের বিশ্বকর্মা পুজো, সবই দেখব।’


ভোটে জিতলেই দিদি নং ওয়ানে ডাক পাবে হুগলীর দিদিরা, ‘প্রতিশ্রুতি’ রচনার

উল্লেখ্য, আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে হুগলী লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এখনও পর্যন্ত তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। হুগলীর বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই (Locket Chatterjee) এবার ফের টিকিট দিয়েছে বিজেপি। তৃণমূল থেকে প্রথমবার প্রার্থী করা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলীতে বামেদের প্রার্থী মনোদীপ ঘোষ।








