নজরবন্দি ব্যুরো: ফিরল ২০১৯ এর স্মৃতি। আবারও জঙ্গি হামলায় কাঁপল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা। শনিবার ফের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। তবে জঙ্গিদের ছোড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হননি। সূত্রের খবর, মোট ৮ আহতের মধ্যে সকলেই স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর। তাঁদের ত্রাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: অসুস্থ সৌরভ গাঙ্গুলি, ভর্তি হাসপাতালে


জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘‘আহতদের অবস্থা স্থিতিশীল। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় আধাসেনা।’’ স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বাজারের রাস্তায় টহল দিচ্ছিলেন আধাসেনার জওয়ানেরা। ত্রাল বাস স্ট্যান্ডের সামনে তাঁদের লক্ষ্য করে আচমকা গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাস স্ট্যান্ড লাগোয়া একটি দোকানের সামনে পড়ে ফেটে যায়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। সিআরপিএফ কনভয়ে প্রায় ১০০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ির সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় শহিদ হয়েছিলেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান।
ফিরল ২০১৯ এর স্মৃতি, পুলওয়ামা-কাণ্ডের জেরে পাকিস্তানের বালাকোটে জইশের প্রশিক্ষণ শিবিরে হানা দেয় ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০। ফলে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর গত বছর ৫ জুলাই ফের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সে বার আইইডি বিস্ফোরণে এক জওয়ান আহত হয়েছিলেন।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



