নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসতে মরিয়া কংগ্রেস। নির্বাচনী প্রচারের শেষ দিনেও রইল না কমতি। বিশাল রোড শো করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বাঢরা। এই ভোট নিয়ে আশাবাদী তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে নিশানা করতেও দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: Sonia Gandhi-র বিরুদ্ধে অভিযোগ BJP-র, ভোটের মুখেই ফের বিতর্কে কংগ্রেস


আগামী ১০ তারিখ কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সোমবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। ওইদিনই বিশাল রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী। অসংখ্য কর্মী সমর্থকরা জমায়েত করে। রোড শো শেষে কংগ্রেস নেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা আশাবাদী। আমি নম্বরের ভবিষ্যৎবাণী করতে পারি না। কিন্তু আমরা মানুষের সাড়া পেয়েছি। কর্ণাটকের মানুষ দুর্নীতির শেষ দেখতে চায়।”

এদিনের প্রচার কর্মসূচিতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বিজয়নগরের বিধায়ক এম কৃষ্ণআপ্পা, বিধায়ক পুত্র প্রিয়া কৃষ্ণ এবং গোবিন্দরাজানগরের কংগ্রেস প্রার্থী। কংগ্রেস কর্মী-সমর্থকদের দিকে হাত নাড়ান প্রিয়াঙ্কা। আগামী ১৩ মে ওই রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ হবে।



উল্লেখ্য, শনিবার নির্বাচনী প্রচার চলাকালীন সনিয়া গান্ধী দাবি করেন, কর্ণাটকের সুনাম, সার্বভৌমত্বের অখণ্ডতার জন্য কাউকে হুমকি দিতে দেবে না কংগ্রেস। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেই কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি। তাদের কথায়, এই ধরনের মন্তব্য করে কর্ণাটকবাসীদের উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছু নির্বাচিত সম্প্রদায় বা গোষ্ঠীর ভোট এবং সমর্থন আদায় করার জন্য রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চায় এই দল। এরপরই তাঁর বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে গেরুয়া শিবির। সনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদনও করা হয়েছে।
মানুষ দুর্নীতির শেষ চায়!, কর্ণাটকের শেষ দিনের প্রচারে এসে কি বললেন প্রিয়াঙ্কা








