রাজনৈতিক দলবদলের পর ব্যক্তিগত জীবন নিয়েও যখন জল্পনা তুঙ্গে, তখন এক ছবিতেই সব প্রশ্নের জবাব দিলেন প্রতীক উর রহমান। বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর দাম্পত্য জীবন ভাঙনের মুখে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। সেই বিতর্কের মাঝেই স্ত্রী শিরিন সুলতানা ও কন্যার সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবি পোস্ট করে কার্যত সব জল্পনায় ইতি টানলেন তিনি।
গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ডায়মন্ড হারবারের তরুণ নেতা প্রতীক উর রহমান। সিপিএমের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি দলের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব ছাড়ার ইচ্ছা জানিয়ে চিঠি দেন। তখন থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয় তাঁর সম্ভাব্য দলবদল নিয়ে।
শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়। শনিবার আমতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক উর। এরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। রাজনৈতিক সিদ্ধান্তের পরই সোশাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা শুরু হয়।
কেউ দাবি করেন, তাঁর এই রাজনৈতিক সিদ্ধান্তে পরিবার নাকি অসন্তুষ্ট। এমনও রটতে থাকে যে স্ত্রী শিরিন সুলতানা অভিমানে বাপের বাড়ি চলে গিয়েছেন। তবে রবিবার সন্ধ্যায় প্রতীক উরের পোস্ট করা একটি ছবি সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে দেয়। ছবিতে দেখা যায়, বিছানায় বসে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি; সন্তানকে পড়াচ্ছেন শিরিন। ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আপাতত এটুকুই।”
এই সংক্ষিপ্ত বার্তাতেই স্পষ্ট হয়ে যায়, ব্যক্তিগত জীবনে কোনও ভাঙন নেই বলেই ইঙ্গিত দিতে চেয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেই শিরিন সুলতানা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বিচ্ছেদ সংক্রান্ত সমস্ত খবরই ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে ছড়ানো গুজব।
রাজনৈতিক দলবদলের উত্তাপের মাঝেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা যে কত দ্রুত ছড়ায়, প্রতীক উরের সাম্প্রতিক পোস্ট যেন তারই একটি স্পষ্ট উদাহরণ।



