নজরবন্দি ব্যুরোঃ ৬০ আসনে নির্বাচন চলছে ত্রিপুরা জুড়ে। সকাল থেকে ত্রিপুরার ওপর নজর রয়েছে জাতীয় রাজনীতির তাবড় নেতাদের। লড়াই ত্রিমুখী হলেও এবার সরকার গঠনের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে প্রদ্যোৎ মানিক্য দেববর্মার দল তিপ্রা মোথা। কিন্তু কাকে সমর্থন করবেন প্রদ্যোৎ? নির্বাচনের দিনে আরও একবার বোমা ফাটালেন রাজ পরিবারের অন্যতম সদস্য। বাম-কংগ্রেসের সঙ্গেই জোট করবেন প্রদ্যোৎ? জবাব দিলেন নিজেই।
আরও পড়ুনঃ Tulsidas Balaram: প্রয়াত তুলসীদাস বলরাম, এক যুগের অবসান হল


তাঁর সঙ্গে অন্যান্য দলের ঘনিষ্ঠতা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তাঁর কথায়, কংগ্রেস সহ অন্যান্য দলে তাঁর অনেক বন্ধু রয়েছেন। প্রচারপর্বে যাদের সঙ্গে দেখা হয়েছে, তাঁদের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেছেন তাঁরা। তবে বিজেপির সঙ্গে বোঝাপড়া নিয়েও প্রচুর জল্পনা হয়েছে। যা নিয়ে মুখ খুললেন প্রদ্যোৎ মানিক্য দেববর্মা। তাঁর কথায়, আমার নাড্ডা জির কথা শোনার প্রয়োজন নেই। আবার সোনিয়া গান্ধীর কথা শোনার প্রয়োজন নেই। আমার শীর্ষ নেতৃত্বের কথা শুনে চলার কোনও প্রয়োজন নেই। আমার মন যা চাইবে তাই করব। আমার কারোর আদেশ শোনার প্রয়োজন নেই।

তবে অন্যান্য দলের সমর্থনের সম্পর্কে তিনি বলেন, যদি শিবসেনা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রতিভা পাতিলকে সমর্থন করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখ্যোপাধ্যায়কে সমর্থন করতে পারে, তাহলে আমি কেন বলতে পারি না মিস্টার এক্সের থেকে মিস্টার ওয়াই ভালো?
সম্প্রতি, ত্রিপুরায় এক জন্সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রি অমিত শাহ বলেন, তিপ্রা মোথার সঙ্গে গোপনে আঁতাত রয়েছে বাম ও কংগ্রেসের। ত্রিপুরায় জনজাতি প্রার্থীদের ভোট দেওয়ার অর্থ বামপন্থীদের ভোট দেওয়া। যদিও প্রদ্যোৎ নিজে জানিয়েছেন, এখনই সমর্থনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। যদিও শুরু থেকেই জোট নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি প্রদ্যোৎ। বামেদের তরফে আসন সমঝোতার কথা বলা হলে সেবার তিনি বলেন, তাঁদের দাবি মেনে নেওয়া হলে যে কোনও দলের সঙ্গে জোটের জন্য রাজি তিনি।


বাম-কংগ্রেসের সঙ্গেই জোট করবেন প্রদ্যোৎ! জল্পনা তুঙ্গে

এবার ৬০ টি আসনের মধ্যে ৪২ টি আসনে লড়াই করছে তিপ্রা মোথা। এর মধ্যে ২০ টি আসন আদিবাসী অধ্যুষিত এলাকায়। সেই সমস্ত আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, জিতেন্দ্র চৌধুরীকে ব্যবহার করে আদিবাসী ভোট আদায়ে মরিয়া বামেরাও। সব মিলিয়ে, টানটান উত্তেজনাপূর্ণ নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ।








