নজরবন্দি ব্যুরোঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সোমবার থেকেই অশনির প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। ভারী বৃষ্টি শুরু হয়েছে কয়েক জায়গায়।
আরও পড়ুনঃ একতরফা মুসলিম বিদ্বেষ দেখানোর অভিযোগ, কাশ্মীর ফাইলস নিষিদ্ধ হল সিঙ্গাপুরে।
আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায়। আজ থেকেই শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত ঝড়ের সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন পাঁচ জেলায়। পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা ও নদিয়া, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’দিন কলকাতাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। তবে সুখবর হল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘুর্ণিঝড় অশনি।

হাওয়া অফিস জানিয়েছে শেষ ৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় ‘অশনি’র। ৬ কিলোমিটার বেগে ওড়িশা উপকূলের দিকে এগচ্ছে ঘূর্ণিঝড়। তবে ল্যান্ডফলের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। ওড়িশা উপকূলের কাছে শক্তি হারাবে ‘অশনি’। তাই রাজ্যে বড় ঝড়ঝঞ্জার আশঙ্কা নেই বলেই জানাল হাওয়া অফিস।
আগামী দু’দিন ৫ জেলায় ব্যাপক বৃষ্টি, ৪৮ ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজবে কলকাতা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।



