‘তাঁর সাথে সাক্ষাৎ আজীবন মনে রাখব’—আশা ভোঁসলের প্রয়াণে শোকবার্তা মোদির

আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের; ব্যক্তিগত স্মৃতি ও শিল্পীর অবদান স্মরণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসানে শোকস্তব্ধ দেশ। কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সোশ্যাল মিডিয়া বার্তায় উঠে এল ব্যক্তিগত স্মৃতিও।

মোদী লিখেছেন, “শ্রীমতি আশা ভোঁসলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অনবদ্য সঙ্গীত সফর বহু যুগ ধরে মানুষের মন ছুঁয়ে গিয়েছে। তাঁর কণ্ঠ ছিল চিরন্তন। তাঁর সঙ্গে আমার সাক্ষাৎকার আজীবন মনে রাখব।”

Shamim Ahamed Ads

প্রধানমন্ত্রী আরও জানান, তাঁর গান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শিল্পীর পরিবার, ভক্ত ও সঙ্গীতপ্রেমীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শুধু কেন্দ্রীয় স্তরেই নয়, রাজ্য স্তরেও শোকের আবহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও তাঁর এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়েছেন। তিনি লেখেন, “প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বহু প্রজন্মের মধ্যে সঙ্গীতপ্রেম গড়ে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য।”

মমতা আরও উল্লেখ করেন, বাংলা গানেও সমান জনপ্রিয় ছিলেন আশা ভোঁসলে। তাঁর কণ্ঠে গাওয়া বহু বাংলা গান আজও শ্রোতাদের মনে সমানভাবে বেঁচে রয়েছে। ২০১৮ সালে তাঁকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত করা হয়েছিল বলেও স্মরণ করান তিনি।

সব মিলিয়ে, এক মহান শিল্পীর প্রয়াণে দেশের দুই প্রান্ত থেকেই শ্রদ্ধা ও স্মৃতিচারণার ঢেউ। তাঁর কণ্ঠ হয়তো থেমে গেছে, কিন্তু তাঁর সুর এখনও অনন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত