পরিবর্তনের বাংলায় মাসব্যাপী মোদির জন্মদিন পালন, ঘরে ঘরে জ্বলবে ‘আশীর্বাদ কা দিয়া’

মোদির জন্মদিনকে সামনে রেখে বাংলায় সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির, বুথে বুথে ‘আশীর্বাদ কা দিয়া’ থেকে তরুণদের সঙ্গে জনসংযোগে বিশেষ নজর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনকে সামনে রেখে বাংলায় মাসব্যাপী মেগা কর্মসূচির প্রস্তুতি নিয়েছে রাজ্য বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। বাড়ি বাড়ি জনসংযোগ থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়, ‘আশীর্বাদ কা দিয়া’ প্রজ্বলন থেকে স্বাস্থ্য ও রক্তদান শিবির—একাধিক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে বুথস্তর পর্যন্ত সক্রিয় করার পরিকল্পনা গেরুয়া শিবিরের।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিটি বুথে প্রতিটি পরিবারের হাতে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিজেপির ব্যাখ্যায়, এই প্রদীপ নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে সম্মিলিত সংকল্পের প্রতীক।

এই কর্মসূচিকে শুধুমাত্র দলীয় প্রচারে সীমাবদ্ধ রাখতে চাইছে না বিজেপি। বুথ সদস্যদের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি বাড়ি পৌঁছনোর পরিকল্পনাও করা হয়েছে। দলের সার্কুলার অনুযায়ী, বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা বুথ সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট বুথ সদস্যরা সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে ‘আশীর্বাদ কা দিয়া’ প্রজ্বলনের জন্য আমন্ত্রণ জানাবেন। পাশাপাশি তাঁদের WhatsApp-এ পাঠানো হবে ‘আশীর্বাদ কা দিয়া’-র ভিডিও। দলের কেন্দ্রীয় কার্যালয় হিন্দিতে মূল ভিডিও তৈরি করছে, পরে তা বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষায় রূপান্তর করা হবে। ভিডিওর ভাবনা ও দৃশ্যের কাঠামো একই রাখা হবে।

শুধু ভিডিও নয়, গোটা অভিযানের জন্য তৈরি হচ্ছে থিম সং এবং সংক্ষিপ্ত তথ্যচিত্রও। লক্ষ্য, প্রধানমন্ত্রীর জনসেবা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

তরুণ প্রজন্মকে এই কর্মসূচির অন্যতম কেন্দ্রে রাখা হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজ এবং বিকশিত ভারতের রূপকল্প নিয়ে তথ্য তুলে ধরবে বিজেপি।

স্কুলস্তরেও হবে অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা। এই কর্মসূচিতে রাজ্যের শিক্ষা দফতরকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দলীয় কর্মসূচির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমেও মোদির জন্মদিনকে কেন্দ্র করে জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রচারের আরেকটি মাধ্যম হবে পথনাটক। কমিউনিটি হল এবং জনবহুল এলাকায় অভিনীত হবে এই নাটকগুলি। মোদির ২৫ বছরের জনসেবা, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং দেশে পরিবর্তনের দাবি—এই বিষয়গুলিই পথনাটকের মূল উপজীব্য হবে।

বিধানসভা এলাকার ব্লকস্তরেও থাকছে ‘সেবা সেতু অভিযান’। সেখানে ‘সেবা সেতু’ শিবির আয়োজন করে নাগরিকদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা করার পরিকল্পনা রয়েছে। শিবিরে এসে যোগ্য নাগরিকরা সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নথিভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে দল ও সরকারকে একইসঙ্গে মাঠে নামানোর এমন পরিকল্পনা এই প্রথম বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ফলে কর্মসূচিটিকে শুধু জন্মদিন উদ্‌যাপন হিসেবে না দেখে সংগঠন ও সরকারের জনসংযোগ বাড়ানোর বড় অভিযান হিসেবেই দেখছে রাজ্য বিজেপি।

গোটা কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। কর্মসূচির তালিকায় রয়েছে পদযাত্রা, বাইক র‍্যালি, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েও বিশেষ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে ১৭ সেপ্টেম্বরকে কেন্দ্র করে শুরু হতে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে একদিকে মোদির জন্মদিন উদ্‌যাপন, অন্যদিকে বুথস্তরে সংগঠনকে আরও সক্রিয় করা এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছে রাজ্য বিজেপি। এখন নজর থাকবে, সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে এই কর্মসূচি কতটা বড় জনসংযোগ অভিযানে পরিণত হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর