নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গান নিয়ে তোলপাড় বলিউডে। একদিকে যেমন এই ছবিকে বয়কট করার ডাক উঠেছে। অন্যদিকে, শাহরুখের পাঠানের পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশও। এই যেমন ‘বেশরম’ গানে গেরুয়া রঙের বিকিনি বিতর্কে এবার দীপিকার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও পরিচালক ওনির।


অপর দিকে এই ছবি বন্ধের পক্ষে এবার হুমকি দিলেন অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের পুরোহিত রাজু দাস মহন্ত। তিনি জানান তাঁর আদেশ অমান্য করে যে সব প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো হবে সেই সব প্রেক্ষাগৃহে জ্বালিয়ে দেওয়া হবে। মুক্তির আগেই ‘পাঠান’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ছবির টিজার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

সম্প্রতি এই ছবির ‘বেশরম রং’ নামক একটি গান মুক্তি পেয়েছে। এর পরেই শুরু হয়েছে ‘পাঠান’ নিয়ে তীব্র সমালোচনা। শুধু তাই নয় এই ছবি ঘিরে বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক রাম কদমের দাবি, ইচ্ছাকৃতভাবে হিন্দুত্ববাদের অপমান করেছে ‘পাঠান’। তাই কোনওভাবেই ছবিটি মুম্বইয়ে মুক্তি পাবে না।



হিন্দিতে টুইট করে লিখেছেন, ‘ব্রাহ্মণদের আবেগে আঘাত হানছেন জেএনইউ-ধারীরা। যদি কোনও ছবি, সিরিজ হিন্দুত্ববাদের অমর্যাদা করে, সেগুলো মহারাষ্ট্র মুক্তি পাবে না।’ বিজেপি বিধায়কের আরও দাবি, যেহেতু হিন্দুত্ববাদের আর্দশে অনুপ্রাণিত মহারাষ্ট্র সরকার, তাই ছবির পরিচালক এবং প্রযোজকদের বিতর্কিত, কুরুচিকর দৃশ্যগুলো নিয়ে ক্ষমা চাওয়া উচিত।
পাঠান বিতর্ক অব্যাহত, এবার প্রেক্ষাগৃহ জ্বালিয়ে দেবার হুমকি অযোধ্যার পুরোহিত রাজু দাস মহন্তের

এর আগে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে আপত্তি তুলেছেন। সিনেমা থেকে আপত্তিকর দৃশ্য বাদ না দিলে, ছবিটি মধ্যপ্রদেশে মুক্তি পাবে না বলেও স্পষ্ট জানান তিনি। সব মিলিয়ে পাঠান নিয়ে বিতর্কের ঝড় বেড়েই চলেছে।







