ভোটের আবহে উত্তপ্ত দক্ষিণবঙ্গ। ডায়মন্ড হারবারে দায়িত্ব পেয়েই কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের ‘সিংহম’ নামে পরিচিত পুলিশ অফিসার অজয়পাল শর্মা। তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি—ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক তরজা চরমে।
নির্বাচনের দায়িত্বে নির্বাচন কমিশন-এর নির্দেশে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে অজয়পাল শর্মাকে। সোমবার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে স্থানীয়দের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন—কোনওরকম গোলমাল বা ‘বদমায়েশি’ বরদাস্ত করা হবে না।


ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “কেউ যদি অশান্তি তৈরির চেষ্টা করেন, তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন আফসোস করতে না হয়।” শুধু সাধারণ মানুষ নয়, প্রার্থীর পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার বার্তা দেন তিনি। অভিযোগ, এলাকার কিছু লোকের বিরুদ্ধে হুমকি দেওয়ার খবর আসছিল—তারই জেরে এই কড়া অবস্থান।
এই ঘটনার ভিডিয়ো সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। শাসকদলের দাবি, অজয়পাল শর্মা ‘অতিরিক্ত আগ্রাসী’ আচরণ করছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। এমনকি তাঁর বিরুদ্ধে অতীতের একাধিক অভিযোগও তুলে ধরে তৃণমূল—দুর্নীতি, প্রতারণা এবং ব্যক্তিগত জীবনে অনিয়মের প্রসঙ্গও টানা হয়।
তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়, রাতের তল্লাশির নামে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি মহিলাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি মন্তব্য এখনও সামনে আসেনি।


পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, ভোটের পরেও আইনি পথে অজয়পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে আদালতের মুখোমুখি হতে হবে।
ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। একদিকে প্রশাসনের কড়া বার্তা, অন্যদিকে শাসকদলের পাল্টা আক্রমণ—সব মিলিয়ে ডায়মন্ড হারবারের পরিস্থিতি এখন নজরকাড়া।
(ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট কম)








