নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে ভোটের মুখে সেই জট কাটল। কমিশনের আর্জি মেনে রাজ্যে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার কলকাতা হাইকোর্টে একথা জানাল রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ আগামী ৮ জুলাই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে বাংলায়।
আরও পড়ুন: একে ইডি, এবার দোসর সিবিআই, সায়নীর খুঁটিনাটি জানতে ময়দানে দুই কেন্দ্রীয় সংস্থা!
কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন। কমিশনের তরফে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হয়। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ ছিল ২০২৩ সালে অন্তত ৮২ হাজার জওয়ান মোতায়েন করতে হবে। আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই আরও ৮০০ কোম্পানি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি দিয়ে প্রথমে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানানো হয়। কোথায়, কীভাবে বাহিনী মোতায়েন করা হবে তা স্বরাষ্ট্রমন্ত্রককে বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে পাঠানো হবে তা নিয়ে কোনও জবাব মেলেনি। রাজ্য নির্বাচন কমিশন ফের ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন জানান। যদিও এনিয়ে নীরব ছিল কেন্দ্র।

সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত রিপোর্ট পেশ করার কথা ছিল কমিশনের। সেইমতই রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাবে। রাজনৈতিক মহলের মতে, ৮২২ কোম্পানি বাহিনী দিয়েই যেহেতু পঞ্চায়েত ভোট হচ্ছে সেক্ষেত্রে দফা বাড়ানোর প্রয়োজন আর পড়বে না।
কমিশনের আর্জিতে রাজি স্বরাষ্ট্রমন্ত্রক, ৮২২ কোম্পানি দিয়েই পঞ্চায়েত ভোট বাংলায়




