চলতি টি-২০ বিশ্বকাপে নিতান্ত ভাল ক্রিকেট খেলেছে আমেরিকা। তারা ভারতের কাছে হারলেও কানাডা ও পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে সকলকে। ভালো খেলার পুরস্কারও পেল আমেরিকা। তারা এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের টিকিট হাতে পেল। কিন্তু যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ ভণ্ডুল হওয়ায় কপাল পুড়ল পাকিস্তানের।
আরও পড়ুনঃ উস্কানিমূলক ভাষণের অভিযোগ লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে, এবার সন্ত্রাসদমন আইনে মামলা

বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ৩ ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। এই মুহূর্তে ৩ ম্যাচে ২ পয়েন্ট রয়েছে বাবর আজমদের খাতায়। বাবররা আমেরিকা ও ভারতের কাছে হেরে যান। পরে কানাডাকে পরাজিত করে পয়েন্টের খাতা খোলে পাকিস্তান।
বর্তমান পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেও পাকিস্তানের পক্ষে ৪ পয়েন্টের বেশি সংগ্রহ করা সম্ভব হবে না। সুতরাং, এবারের মতো টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। আমেরিকা এবং ভারতের কাছে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছিল গত বারের রানার্সেরা।
প্রতিযোগিতার সুপার এইটে পাকিস্তানকে পৌঁছতে হলে তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত। একই সঙ্গে শুক্রবার আইরিশদের কাছে হারতে হত আমেরিকাকেও। সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হত ৪।
টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান, সুপার এইটে আমেরিকা

নেট রান রেটে আমেরিকাকে টপকে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকত পাকিস্তানের। কিন্তু বৃষ্টির জন্য শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়ারেরা। টস করাও সম্ভব হয়নি এ দিন।



