বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ! বিধানসভা ভোটের আগে জোট গড়ে সরাসরি ক্ষমতার দাবিতে নামলেন Asaduddin Owaisi ও Humayun Kabir। শুধু জোট ঘোষণা নয়, মুখ্যমন্ত্রীর আসন দখলের হুঙ্কার দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন দুই নেতা—যার নিশানায় স্পষ্টতই Mamata Banerjee।
বুধবার সকালে যৌথ সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করেন এআইএমআইএম প্রধান ওয়াইসি এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ওয়াইসি জানান, দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
সংখ্যালঘু রাজনীতির প্রশ্ন তুলে ওয়াইসি বলেন, রাজ্যে শক্তিশালী সংখ্যালঘু নেতৃত্বের অভাব রয়েছে, আর সেই জায়গা থেকেই এই জোট গঠনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, হুমায়ুন কবীর ওয়াইসিকে ‘দাদা’ বলে সম্বোধন করে জানান, তাঁরা যৌথভাবে নির্বাচনে লড়বেন এবং রাজ্যজুড়ে একাধিক জনসভা ও মিছিল করবেন। পরিকল্পনা অনুযায়ী, ১ এপ্রিল বহরমপুর থেকে শুরু হবে এই কর্মসূচি। এরপর মুর্শিদাবাদ, আসানসোল এবং কলকাতাতেও যৌথ সভা করার কথা ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক বৈঠক থেকেই সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা দেন ওয়াইসি। তাঁর দাবি, “ডেপুটি সিএম নয়, মুখ্যমন্ত্রী আমাদেরই হবে।” একইসঙ্গে তিনি বর্তমান রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “মমতাই বিজেপি”—যা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
জোটের প্রতীক হিসেবেও ‘বাঁশি’ চিহ্ন ঘোষণা করা হয়েছে। এই প্রতীক সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামার কথা জানিয়েছেন দুই নেতা।
সব মিলিয়ে, ভোটের আগে নতুন এই জোট রাজ্যের রাজনৈতিক অঙ্কে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন।



