নজরবন্দি ব্যুরোঃ বুধবার সকাল থেকে সংসদের ভিতরে গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন বিরোধী দলের সাংসদরা। মঙ্গলবার কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যসভা বয়কটের পথে বিরোধীরা। বিরোধীদের বৈঠকে উপস্থিত না থাকলেও একই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
আরও পড়ুনঃ পরিবর্তন না করলে পরিবর্তিত হবেন, দলীয় সাংসদদের বার্তা প্রধানমন্ত্রীর
এমনিতেই সংসদ অধিবেশনের শুরুর দিনেই রাজ্যসভার ১২ জন সাংসদদের সাসপেণ্ড করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে লাগাতার গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসেছেন দোলা সেন, শান্তা ছেত্রী, এলামারাম করিম এবং প্রিয়াঙ্কা চতুর্বেদীরা। ১২ জনের সাসপেনশন তুলে নেওয়ার দাবীতে গান্ধী মুর্তির পাদদেশে ধর্না দিতে দেখা গিয়েছে বিরোধী দলের সাংসদদের। এবার গোটা অধিবেশন বয়কট করতে চলেছেন বিরোধীরা।
মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন ১২ জন সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার দাবীতে রাজ্যসভার কক্ষে সরব হন বিরোধী দলের সাংসদরা। যার জেরে দুপুর ২ অবধি মুলতুবী রাখা রাজ্যসভার অধিবেশন কক্ষ। এদিন কৃষকদের ইস্যুতে সংসদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে টিআরএস। চলতি অধিবেশন বয়কট করতে চলেছেন তাঁরা।
মঙ্গলবার ১২ জন সাসপেণ্ড সাংসদের সঙ্গে দেখা করতে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন উপস্থিত সাংসদদের সঙ্গেও। সংসদে বিজেপির বিরুদ্ধে সরব হলেও কংগ্রেসের সঙ্গে একই লাইনে হাঁটতে নারাজ তৃণমূল। তাঁদের যুক্তি, যেহেতু কোনও জোট সরকার নেই তাই তাঁরা জোট নিয়ে আলোচনায় নারাজ। তবে ইস্যুভিত্তিক সমর্থনে তাঁদের কোনও আপত্তি নেই।
রাজ্যসভা বয়কটের পথে বিরোধীরা, দলের রণনীতি নির্ধারণে অভিষেক
রাজনৈতিক মহলের ধারণা, আগামী দিনে কি হবে তৃণমূলের রণনীতি? তা নিয়ে আজই দলের সাংসদদের সঙ্গে বৈঠক সারতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের নেতৃত্বে জোটে না গিয়ে কীভাবে আলদা করে বিজেপির বিরুদ্ধে সরব হওয়া যায়? সেইসঙ্গে আগামী দিনে কয়েকটি রাজ্যের নির্বাচনে দলের রুটম্যাপ বাতলে দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



