নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিনে ঝাঁঝ নয় পেঁয়াজের দামেই চোখে জল মধ্যবিত্তর। রান্নার একটি গুরুত্বপূর্ণ উপকরণ পেঁয়াজ। কিন্তু সব বাজারেই চড়া দামে বিকোচ্ছে। কলকাতার বিভিন্ন বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। শহরের একাধিক বাজার ঘুরে দেখে টাস্ক ফোর্স। মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এবার দেওয়া হল এক কড়া বার্তা। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি হতে পারে।
আরও পড়ুন: ‘মমতা দি সব জানেন…’, গ্রেফতারির এক সপ্তাহ পর ফের মুখ খুললেন Jyotipriya Mallick
গত কয়েকদিন ধরেই বাজারে ঘুরে ঘুরে পেঁয়াজের দাম, মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিনও বাজার ঘুরে দেখেন টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধি দল। বিক্রেতাদের সঙ্গে দাম নিয়ে কথা বলে তারা। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বেআইনিভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে শাস্তি অপরিহার্য। আরও জানা গিয়েছে, এই ধরনের বেআইনি কাজ ধরা পড়লে বিক্রেতাদের লাইসেন্স বাতিল হতে পারে। এমনকি আইনগত ভাবেও কড়া শাস্তি হতে পারে।

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া ঘড়িরমোড় থেকে খরুয়াবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। তৃণমূল বিধায়ক বলেন, “পেঁয়াজের দাম ৮০ টাকা। তেলের দাম, গ্যাসের দাম চড়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এভাবে বাড়লে মানুষ চলবে কী করে?” তবে বিজেপির পাল্টা দাবি, শাসকদলের লোকেরা একের পর এক দুর্নীতিতে ধরা পড়ছে। এগুলি থেকে নজর ফেরাতে গলায় পেঁয়াজ ঝুলিয়ে ঘুরছে।

প্রসঙ্গত, টাস্ক ফোর্সের অভিযোগ, কো অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করলেও পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তবে শোনা যায়, এরই মাঝে একটি মেসেজের জেরে নাকি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সূত্রে খবর, নাসিকের ব্যবসায়ীদের কাছে একটি মেসেজ পৌঁছে গিয়েছে যেখানে বলা হয়েছে, ‘৯ থেকে ১৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে বাজার বন্ধ থাকবে।’ এরপরই একলাফে দাম কমেছে পেঁয়াজের। তবে বাংলার মানুষের স্বস্তি কবে ফিরবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
চড়া দামে পেঁয়াজ বিক্রি করলেই মুশকিল! হতে পারে কঠোর শাস্তি




