নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর কেটে গিয়েছে এক সপ্তাহ। গ্রেফতারিরর পরই ধৃত মন্ত্রী দাবি করেছিলেন তাঁকে ফাঁসানো হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। দাবি করলেন, ‘মমতা দি সব জানে।’
আরও পড়ুন: লাফিয়ে বাড়ল বেকারত্বের হার, লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে কেন্দ্র
শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। সেইসময়ে সংবাদমাধ্যমগুলি প্রশ্ন করলে মন্ত্রী বলে ওঠেন, “আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতা দি জানেন। মমতা দি পুরোটাই জানেন। আমি দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব।” এদিন জ্যোতিপ্রিয়র গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তিনি আরও বলেন, “আমি মুক্ত। জেনে রেখে দিন আমি মুক্ত হয়ে গিয়েছি। আর চার দিন অপেক্ষা করুন। মমতা দি সব জানে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।” তৃণমূল কংগ্রেস যে তাঁর পাশে আছে একথাও জোর গলায় দাবি করেন ধৃত মন্ত্রী।

রেশন দুর্নীতি মামলার তদন্তে গত সপ্তাহে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দীর্ঘ ২১ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর সাংবাদিকদের সামনে প্রাক্তন খাদ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চক্রান্ত সব। এদিনও একই সুর তাঁর গলায়।

উল্লেখ্য, গ্রেফতারির পরই ধৃত মন্ত্রীকে আদালতে পেশ করা হয়। ইডি হেফাজতের নির্দেশ পেয়ে আদালত চত্বরেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন সেখানেই ভর্তি ছিলেন তিনি। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় মন্ত্রীকে।
‘মমতা দি সব জানেন…’, গ্রেফতারির এক সপ্তাহ পর ফের মুখ খুললেন Jyotipriya Mallick




