গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ হাতে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নবান্নের তরফে আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা মিলবে। জুলাই মাসে বেতনের সঙ্গেই সেই টাকা যোগ হয়ে যাবে। সঙ্গে লোকসভা ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার থেকেই সেই ডিএ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে নবান্ন।
আরও পড়ুন: হিন্দু ভোট কেটে তৃণমূলকে ১২ আসনে জেতানোই ছিল বামেদের এজেন্ডা, দাবি শুভেন্দুর


বড়দিনের আবহে সরকারি কর্মচারিদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এ বিষয়ে। সেখানে এও জানানো হয় কারা কারা এই বর্ধিত হারে ডিএ পাবেন।

সমস্ত সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, রাজ্যপাল এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে। এতে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী।
কথা রাখলেন মমতা, সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে অতিরিক্ত DA পাঠাল নবান্ন



কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাঁদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে প্রশাসনের। সব দাবি পূরণ না হলেও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোট মিটতেই রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়া শুরু হয়েছে। জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৃথক ভাবে পাঠানো হচ্ছে।







