নজরবন্দি ব্যুরো: বাংলার ভোট এবার যে কঠোর হাতে পরিচালনা করতে মরিয়া নির্বাচন কমিশন তা তাঁদের বিভিন্ন পদক্ষেপেই স্পষ্ট। আজ থেকে প্রায় ২ মাস আগে বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, বদল করা হয়েছে বিভিন্ন প্রশাসনিক কর্তাদের। রাজ্য পুলিশে সেভাবে আস্থা দেখাননি কমিশন আর তার জন্য নেওয়া হয়েছে অনেক সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ ‘প্রেস্টিজ ফাইটের’ নন্দীগ্রামে ভোট প্রচারের শেষ বেলায় সভা করবেন অমিত-যোগী
আর এবার বাংলায় বিধানসভা নির্বাচনকে সুষ্ঠভাবে করার উদ্দেশ্যে ভিনরাজ্য থেকে পুলিশ আনাচ্ছে নির্বাচন কমিশন। এমন কি উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি সশস্ত্র পুলিশবাহিনীকে বাংলায় নির্বাচনের জন্য মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আর সেটা নিয়েই আপত্তি তুলেছে শাসক দল তৃণমূল।
দলের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে তাদের আপত্তির কথা বলেও দিয়েছে তারা। উত্তরপ্রদেশ থেকে ৩০ কোম্পানি সশস্ত্র পুলিশবাহিনীকে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের কথায়, কিন্তু বিজেপি-শাসিত রাজ্য থেকে সশস্ত্র পুলিশবাহিনী আনায় এর প্রভাব পড়বে নির্বাচনে।
সেই বাহিনী নির্বাচনের প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখবে না। তাই তাদের দাবি, বিজেপি-শাসিত বাদে অন্য যে কোনও রাজ্য থেকে বাহিনী আনুক নির্বাচন কমিশন। এবার দেখার ব্যাপার এটাই তৃণমূলের এই আপত্তি কতটা গুরুত্ব দেয় কমিশন।



