নওদায় ভোটে বিস্ফোরণ: ‘চোর’ স্লোগানে ঘেরাও, পালটা হুমায়ুনের হুঁশিয়ারি

নওদায় ভোট চলাকালীন হুমায়ুন কবীরকে ঘিরে ‘চোর’ স্লোগান, ধস্তাধস্তি; পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট পরিদর্শনে বেরিয়ে হঠাৎই বিক্ষোভের মুখে পড়লেন Humayun Kabir। ‘চোর চোর’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে নওদার রাস্তা, আর তার জেরেই মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রার্থী নিজেই—শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ভোট চলাকালীন এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছিলেন হুমায়ুন কবীর। সেই সময়ই একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করে। ‘চোর’ বলে কটাক্ষ করা হলে মেজাজ হারান তিনি। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও ততক্ষণে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার পরেই রাস্তার উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন হুমায়ুন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এই বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি।

কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন, “এই ঘটনার শেষ দেখে ছাড়ব।” ভোটের দিন এমন উত্তেজনা ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত